'ঢাকাই জামদানি' নামে নিবন্ধন আত্মঘাতী সিদ্ধান্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ‘উপাদ্দা জামদানি’ নামে জামদানি শাড়ির ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের নিবন্ধন নিয়েছে। অনেকেই বলছেন, বাংলাদেশের জামদানির নিবন্ধন নিতে হবে ‘ঢাকাই জামদানি’ নামে। কিন্তু এটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। এর নিবন্ধন নিতে হবে ‘জামদানি’ নামেই।

রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মিলনায়তনে আজ বৃহস্পতিবার ‘পণ্যের ভৌগোলিক নির্দেশক আইন ২০১৩’ শিরোনামের এক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন। সেমিনারটি আয়োজন করে ডিসিসিআই এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)।
অনুষ্ঠানে জিআই আইন বাস্তবায়নকারী কর্তৃপক্ষ পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের (ডিপিডিটি) যুগ্ম-নিবন্ধক ইলিয়াস হোসেন ভূইঞা বলেন, ‘ভারত যেহেতু উপাদ্দা জামদানি নামে জামদানি শাড়ির নিবন্ধন নিয়েছে আমাদের তাই ‘ঢাকাই জামদানি’ নামে নিবন্ধন করতে হবে।’ তাঁর এই বক্তব্যের পর অনুষ্ঠানেই এর বিরোধিতা করেন বক্তারা।
সাবেক বাণিজ্যসচিব সোহেল আহমেদ চৌধুরী বলেন, ‘আমাদের জামদানি যদি ঢাকাই জামদানি নামে জিআই নিবন্ধন করা হয় তাহলে কালকে কলকাতা জামদানি, পরশু উড়িশ্যা জামদানি নিবন্ধিত হবে। দয়া করে ঢাকাই জামদানি বলে বলে নিজেদের সর্বনাশ করবেন না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক তৌহিদুল ইসলাম বলেন, ‘আমরা যত বেশি ঢাকাই জামদানি নামে নিবন্ধনের কথা বলব, তত তা আমাদের জন্য আত্মঘাতী হবে। কারণ তাতে পরোক্ষভাবে ভারতের উপাদ্দা জামদানিকে স্বীকৃতি দেওয়া হবে।’
অতিরিক্ত বাণিজ্যসচিব মনোজ কুমার রায় বলেন, ‘জিআইয়ের কারণে একই পণ্যের অন্য প্রস্তুতকারীরা ক্ষতিগ্রস্ত হয় কি না সেটাও বিবেচনা করতে হবে। যেমন, যদি বলি ঢাকাই জামদানি, তাহলে দেশের অন্য স্থানের জামদানি প্রস্তুতকারীরা ক্ষতিগ্রস্ত হবেন। একই ঘটনা ঘটতে পারে টাঙ্গাইল শাড়ির ক্ষেত্রেও। দেশের বিভিন্ন স্থানেও এখন টাঙ্গাইল শাড়ি প্রস্তুত হয়।’

জিআই নিয়ে আলোচনা
সেমিনারের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, জামদানির মালিকানা রক্ষায় শিল্প মন্ত্রণালয় উদ্যোগ নেবে। তিনি বলেন, ‘আমাদের অনেক পণ্যই হয় যেটা পৃথিবীর আর কোথাও নেই। এগুলোকে জিআই পণ্যের নিবন্ধন দেওয়া উচিত।’ এ প্রসঙ্গে ফজলি আম, চাঁপাইনবাবগঞ্জের আম, লালন সংগীত, পদ্মা-মেঘনার ইলিশ, মহিষের দইয়ের নামও প্রস্তাব করেন তিনি।
ঢাকায় যেসব অনন্য (ইউনিক) পণ্য আছে সেগুলো জিআই নিবন্ধনের ক্ষেত্রে ঢাকা চেম্বারকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। ইতিমধ্যে যে সব পণ্য চিহ্নিত হয়েছে সেগুলো দ্রুত জিআই নিবন্ধন দেওয়ার আহ্বান জানান ঢাকা চেম্বার সভাপতি হোসেন খালেদ। সরকারের ‘এক জেলা এক পণ্য’ কার্যক্রম আরও জোরদার এবং জিআই আইন বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি।
সেমিনারে বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ দেশে উৎপাদিত পণ্যের জিআই নিবন্ধন ও এসব পণ্যের গুণগত মান বাড়ানোর পরামর্শ দেন। তিনি বলেন, ‘ভারত এ পর্যন্ত ৪০০ টির বেশি পণ্যের জিআই নিবন্ধন করেছে। আমাদেরও নিজেদের উৎপাদিত পণ্য নিবন্ধন করার প্রক্রিয়া আরও বেগবান করতে হবে।’
অনুষ্ঠানে ঢাকা চেম্বারের একজন সদস্য বলেন, ‘কিছু পণ্য সরকারের পক্ষ থেকেই জিআই নিবন্ধন করা উচিত। যেমন, ইলিশ। এটা কোনো সমিতির না। এটা বাংলাদেশের। সরকারকেই নিজ দায়িত্বে এর নিবন্ধন করতে হবে।’
জিআই পণ্য নিয়ে একটি গবেষণা করেছেন বিএফটিআইয়ের সাবেক জ্যেষ্ঠ গবেষক ও বর্তমানে ইউএসএআইডির শুল্ক বিশেষজ্ঞ মোহাম্মদ আবু ইউছুফ এবং সংস্থাটির গবেষক শেখ রোকসানা বোরহান। মূল প্রবন্ধে আবু ইউছুফ বলেন, একই পণ্যের একাধিক এলাকাতেও উৎপত্তি হতে পারে। সে ক্ষেত্রে ওই সব এলাকার লোকজনই জিআই করাতে পারবেন। যেমন, ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িশ্যার মধ্যে রসগোল্লার উৎপত্তি নিয়ে বেশ বিতর্ক চলছে।
অন্য গবেষক রোকসানা বোরহান বলেন, গবেষণায় দেখা গেছে, বিশ্বব্যাপী জিআই পণ্যের চাহিদা ভালো হয়। অনেক ক্ষেত্রে ক্রেতারা এসব পণ্যের জন্য ৩০ শতাংশ বেশি দাম দিতেও রাজি থাকেন। জিআই পণ্যকে ঘিরে ওই এলাকায় প্রচুর বিদেশি বিনিয়োগও আসে।