'সমস্যার সমাধান একার পক্ষে সম্ভব না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সমস্যা সমাধানে একটি সমন্বিত ব্যবস্থাপনা দরকার বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মেয়র আনিসুল হক বলেন, যেসব সমস্যা রয়েছে তার সমাধান করা সিটি করপোরেশনের একার পক্ষে সম্ভব না। শুধু জলাবদ্ধতা সমস্যার সমাধানের সঙ্গে ১৪টি সরকারি সংস্থা জড়িত। যানজট, অবৈধ বিলবোর্ড থেকে শুরু করে যেসব সমস্যা নাগরিকদের কষ্ট দিচ্ছে, তা সমাধান করতে হলে নগর সরকার ধরনের একটি সমন্বিত ব্যবস্থা থাকতে হবে।

তাহলে মেয়র নগর সরকার চান কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা শহরের সমস্যা সমাধান করতে হলে একটি সমন্বিত ব্যবস্থা দরকার। এমন একটি ব্যবস্থাপনা দরকার, যার মাধ্যমে সিটি করপোরেশন এসব সমস্যার সমাধান করতে পারে। তবে তিনি নগর সরকারের কথা বলছেন না বলে জানালেন। কারণ, অনেকেই বলছেন সরকারের ভেতর কীভাবে সরকার থাকে?

ডিআরইউ মিলনায়তনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে আনিসুল হক আজ প্রথম আলোতে রাজধানীর খালগুলোর চিত্র নিয়ে প্রকাশিত ‘উন্নয়নের চাপে খাল সব নালা’ প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেন, ‘আপনারাই তো লিখেছেন খালগুলোর কী অবস্থা। এগুলোকে সচল করতে না পারলে জলাবদ্ধতা দূর করা যাবে না।’ তিনি বলেন, এসব খালের মালিক জেলা প্রশাসক আর উদ্ধার ও উন্নয়নের দায়িত্বে আছে ওয়াসা। সিটি করপোরেশনের এ ক্ষেত্রে আইনগতভাবে কিছু করার নেই। তবে ঢাকায় জলাবদ্ধতা হলে মানুষ সিটি করপোরেশনকেই দোষ দিচ্ছে।

মেয়র আরও বলেন, ঢাকা শহরে দুই থেকে তিন লাখ গাড়ি চলতে পারে। কিন্তু গাড়ি আছে ১১ লাখ। ওই গাড়ির অনুমতি দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আর সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা করে ট্রাফিক পুলিশ।

রাজধানীর তেজগাঁওয়ের অবৈধ ট্রাকস্ট্যান্ড সরানোর চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে আনিসুল হক বলেন, ‘ট্রাক মালিক ও চালকদের সঙ্গে এ নিয়ে বৈঠক হয়েছে। আমার এখতিয়ার নেই। তারপরও তাদের সঙ্গে কথা বলেছি। অনেক মাস্তান সেখানে দোকান খুলে বসে আছে। ওই মাস্তানদের দূর করতে উল্টো মাস্তানি করতে হবে। সেই মাস্তানি করতে হলে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।’

উত্তরের মেয়র বলেন, রাজধানীর কারওয়ান বাজার উঠিয়ে দেওয়া হচ্ছে। ওই বাজারটিকে যাত্রাবাড়ী, আমিনবাজার ও মহাখালীতে সিটি করপোরেশন নির্মিত বাজারে স্থানান্তর করা হবে। এ ব্যাপারে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা রাজিও হয়েছেন।

অনুষ্ঠানের শুরুতে ডিআরইউর সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন স্বাগত বক্তব্য দেন। ডিআরইউর সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা তাঁর বক্তব্যে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিকদের ওপরে হামলা-মামলা বন্ধে মেয়রের সহযোগিতা চান।

এ ব্যাপারে কথা বলতে গিয়ে আনিসুল হক সাগর-রুনি হত্যার বিচারের পক্ষে নিজের অবস্থানের কথা উল্লেখ করে বলেন, ‘আপনারা থাকতে এই বিচার কেন হচ্ছে না? নিশ্চয়ই এখানেই সমস্যা আছে। ওই সমস্যা ও বিভক্তি দূর করতে হবে। আমিও এই হত্যার বিচার চাই।’

আইসিটি আইনের ৫৭ ধারায় সাংবাদিকদের পুলিশ যেকোনো স্থান থেকে গ্রেপ্তার করতে পারে—উল্লেখ করে ডিআরইউর সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা এটি বাতিলের ব্যাপারে মেয়রের সমর্থন চান। উত্তরে আনিসুল হক বলেন, ‘যারা এসব আইন তৈরি করেন, তারা ওপরের মহলকে ভুল বোঝান। আলো-আঁধারে থেকে অনেক সময় সবকিছু ঠিকমতো বোঝা যায় না।’ এর সঙ্গে তিনি যোগ করেন, ‘আমাদের মনে রাখা উচিত, সাংবাদিকেরা দিন শেষে সরকারের দোষ-ত্রুটি তুলে ধরে সহযোগিতাই করেন।’