২০১৫ সালে বিশ্বের পরিবেশ ও জলবায়ু-বিষয়ক চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২০১৬ সালে ওই চুক্তিগুলো বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। বিশ্ববাসী একমত হয়ে উদ্যোগ নিলে সবুজ পথে উন্নয়ন সম্ভব।
গতকাল সোমবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের ইগদভেদ ওয়্যারহাউস সম্মেলনকেন্দ্রে বিশ্ব সবুজ উন্নয়ন সম্মেলনে (থ্রিজিএফ) বিশ্বের ৩৫টি দেশের নেতারা এমন কথা বলেছেন। ডেনমার্ক সরকারের আয়োজনে এই সম্মেলনে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
দুই দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন ডেনমার্কের প্রধানমন্ত্রী লার্স লোকে লারমোসেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকসহ ১১টি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিচ্ছেন।
সম্মেলনে ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীতে যত খাবার উত্পাদিত হয়, তার ৩০ শতাংশই নানা কারণে নষ্ট হয়। নষ্ট হওয়া ওই খাদ্যের দাম ৯ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার। নষ্ট হওয়া ওই খাদ্যের পেছনে যে পরিমাণে পানি, জ্বালানি, প্রাকৃতিক সম্পদ ও শ্রমশক্তি নষ্ট হয়, তা রক্ষা করতে পারলে পৃথিবীর অনেক সমস্যার সমাধান সম্ভব।
সম্মেলনে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেন, উন্নত বিশ্ব তাদের শহরগুলোকে সুন্দর ও পরিবেশসম্মত করে গড়ে তুলতে অনেক উদ্যোগ নিচ্ছে। কিন্তু তাদের উন্নয়নের ফলে যে কার্বন নিঃসরণ হচ্ছে, তার প্রভাবে বাংলাদেশে বন্যা ও ঘূর্ণিঝড় বেড়ে যাচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ ঢাকায় আসছে, ফলে ঢাকার জনসংখ্যা বেড়ে যাচ্ছে।
আনিসুল হক বলেন, ঢাকার খাল ভরাট হয়ে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এই শহরের জনসংখ্যার ঘনত্ব এখন বিশ্বে সবচেয়ে বেশি। এই অবস্থার জন্য উন্নত দেশের কার্বন নিঃসরণও দায়ী। ফলে ঢাকার এই সমস্যার দায় উন্নত বিশ্বকেও নিতে হবে। ঢাকাকে রক্ষায় অর্থ, প্রযুক্তি ও পরিকল্পনা নিয়ে উন্নত ও ধনী দেশগুলোকে এগিয়ে আসতে হবে।
আনিসুল হকের বক্তব্য শেষে অনুষ্ঠানের সঞ্চালক সানড্রিন ডিক্সন উন্নত দেশগুলোকে অনুন্নত দেশের সমস্যার সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান। তবে অতীতে সহায়তার অর্থ দিয়ে সমস্যার সমাধানের অভিজ্ঞতা ভালো নয় উল্লেখ করে তিনি বলেন, সব দেশকে তাদের নিজেদের সমস্যার সমাধানে নিজেদের বেশি উদ্যোগ নিতে হবে।
সম্মেলনের প্রথম দিনের অধিবেশনের একপর্যায়ে আনিসুল হক ও কোপেনহেগেনের মেয়র ফ্রাঙ্ক জেনসনের মধ্যে বৈঠক হয়। আনিসুল হক ঢাকার পানি ও বর্জ্য পরিশোধন সমস্যার জন্য ডেনমার্ককে এগিয়ে আসার আহ্বান জানান।
সম্মেলনে ডেনমার্কের প্রধানমন্ত্রী জলবায়ু খাতে বিনিয়োগের জন্য ডেনমার্ক সরকারের ১৫০ কোটি ডলারের একটি তহবিল তৈরির ঘোষণা দেন।
সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে আয়োজকেরা বলেন, মূলত প্যারিস জলবায়ু চুক্তি ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণের উপায় নিয়েই এই সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আলোচনা করবেন। এখান থেকে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হবে।
অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের মহাপরিচালক ইঙ্গনার এন্ডারসন পরিবেশের সমস্যার কারণে রাজনৈতিক সংকট সৃষ্টি হওয়ার উদাহরণ টেনে বলেন, সিরিয়ায় খরার কারণে গৃহযুদ্ধ বেধে গেছে, যা বিশ্বব্যাপী সমস্যা সৃষ্টি করেছে।
সম্মেলনে আজ সমাপনী অধিবেশনে ডেনমার্কের গ্রিন গ্রোথ ফোরামের যৌথ ঘোষণা দেওয়া হবে।