'ঢাকার সাংস্কৃতিক বিকাশে প্রয়োজন বহু মানুষের সংযুক্তি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু ঢাকাকে সংস্কৃতির শহর নয়, দেশটিকেই সাংস্কৃতিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। নগর গবেষণা কেন্দ্রের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মেলনের উদ্বোধনে তিনি এ কথা বলেন।
গতকাল শনিবার সকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে ছিল নগর গবেষণা কেন্দ্রের সম্মেলন। এর উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী। বিশেষ অতিথি বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাশেম খান।
নগর গবেষণা কেন্দ্রের সাম্মানিক সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রের সাম্মানিক সচিব নুরুল ইসলাম, সহসভাপতি রোজি মজিদ আহসান। ‘সাংস্কৃতিক শহর ঢাকা’-এর ওপর প্রবন্ধ পড়েন নজরুল ইসলাম।
আসাদুজ্জামান নূর বলেন, সংস্কৃতিচর্চা ক্রমেই কমে যাচ্ছে। অভিভাবক ও শিক্ষকেরা ছেলে-মেয়েদের মাথায় ঢুকিয়ে দিয়েছেন যে পরীক্ষায় ভালো ফল করতে হবে। সারা দিন স্কুল ও কোচিং করলে তারা নাচ-গান শিখবে কখন? এভাবে অসম্পূর্ণ মানুষ হিসেবে বড় হচ্ছে তারা, এতে দেশের ক্ষতি হচ্ছে। তিনি বলেন, ‘ঢাকার সাংস্কৃতিক বিকাশে প্রয়োজন বহু মানুষের সংযুক্তি। না হলে ঢাকাকে বাসযোগ্য শহর হিসেবে প্রতিষ্ঠা করা কঠিন হয়ে দাঁড়াবে।’
নজরুল ইসলাম বলেন, বিশ্বায়নের এই যুগে ঢাকা ক্রমাগত সমকালীন ও আধুনিক হয়ে উঠছে। পৌনে দুই কোটি মানুষের এই শহরের সংস্কৃতিতে গ্রাম থেকে অভিবাসিত দরিদ্র জনগোষ্ঠীর গণসাংস্কৃতিক নানা উপাদান প্রভাব রাখছে। নগরে অসাম্প্রদায়িক আধুনিক সংস্কৃতিচর্চার জন্য অনুকূল পরিবেশ দরকার।
হাশেম খান বলেন, ঢাকা শহরজুড়ে ছড়িয়ে থাকা ভাস্কর্যের অধিকাংশই ইট ও লোহার স্তূপ। এগুলোই মৌলবাদীদের উসকে দিচ্ছে। শুদ্ধ সংস্কৃতিচর্চার জন্য আইন প্রণয়ন করা দরকার।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, সংস্কৃতির সঙ্গে মানুষের যোগাযোগ ক্রমেই কমে যাচ্ছে। রাজনীতিবিদেরাও ইতিহাস, সংস্কৃতির নানা উৎস না বুঝেই রাজনীতিতে আসছেন। এদের দিয়ে জনমুখী, কল্যাণধর্মী রাজনীতি হতে পারে না। এ মুহূর্তে তাই রাজনীতি ও সংস্কৃতির মধ্যে একটা সম্মিলন হওয়া প্রয়োজন। দরকার গণতান্ত্রিক ও মানবিক বোধের সাংস্কৃতিক জাগরণ।
সকালের অধিবেশনে উপস্থিত ছিলেন গবেষক মফিদুল হক, মুনতাসীর মামুন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা। সঞ্চালনা করেন কেন্দ্রের নির্বাহী সদস্য কাজী মদিনা।
দিনব্যাপী অধিবেশনগুলোর বিষয় ছিল ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক আন্দোলন ও নাটক; ভাষা, সাহিত্য ও সংগীত; চারুকলা, ভাস্কর্য ও আলোকচিত্র এবং স্থাপত্য ও নগর-বিন্যাস। নিজ নিজ অঙ্গনের বিশিষ্টজনেরা অধিবেশনগুলোতে এসব বিষয়ের ওপর আলোচনা করেন। ১৯৯৮ সালে যাত্রা শুরু করা নগর গবেষণা কেন্দ্র (সিইউএস) নগরবিষয়ক গবেষণা, প্রশিক্ষণ ও পরামর্শক হিসেবে কাজ করছে।