‘ঢাকায় এসে কথা হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিন ধরে মুখে কোনো খাবার তুলছেন না মনিরের বাবা আ. আজিজ ও মা ফিরোজা বেগম। একমাত্র বোন রেখা আক্তার বারবার জ্ঞান হারাচ্ছেন। লিবিয়া থেকে গ্রিসে গিয়ে সাগরে ঝাঁপ দেওয়ার পর এত দিনে মনিরের কোনো খোঁজ জানতে পারেননি তাঁরা। ভেবেছিলেন, মনির বেঁচে আছেন। কিন্তু বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যরা নিশ্চিত হন, ১০ মার্চ যে তিনজনের মৃতদেহ দেশে আনা হয়েছে, তার মধ্যে একটি মনিরের। এরপর গোটা বাড়িতে শোকের মাতম শুরু হয়।বৃহস্পতিবার রাতে বরগুনা সদর উপজেলার খাজুরতলা গ্রামে মনিরের বাড়িতে গিয়ে দেখা যায়, মা ফিরোজা বেগম থেমে থেমে ফুঁপিয়ে কাঁদছেন আর বলছেন, ‘আমার বাবারে তোমরা আইন্না দাও, আমি কিছু মানি না। আমার বাবায় মরতে পারে না, তোমরা মিথ্যা কথা কও, আমার ছেলে মরে নায়, মরতে পারে না।’ ঘরের আরেকটি চৌকিতে নির্বাক বসে আছেন মনিরের বাবা আ. আজিজ।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লিবিয়া থেকে জাহাজে গ্রিসে যাওয়ার পর ৬ মার্চ গভীর রাতে সাগরে ঝাঁপ দিয়ে গ্রিসে থেকে যাওয়ার জন্য চেষ্টা চালান বেশ কয়েকজন বাংলাদেশি শ্রমিক। তাঁদের মধ্যে মারা যান মনিরসহ (২৯) পাঁচজন। গত ১০ মার্চ তিনজনের লাশ দেশে ফেরত আনা হয়। এর মধ্যে নাম-ঠিকানা ভুল করে মনিরের লাশটিকে গাজীপুরের শফিউল আজমের লাশ ভেবে দেশে পাঠানো হয়। গত বুধবার লাশটি শফিউলের গাজীপুরের বাড়িতে নেওয়া হলে তাঁর পরিবার বিষয়টি নিশ্চিত হয়। পরে সেটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়। বৃহস্পতিবার রাতে মনিরের ভাই নজরুল ইসলাম সেখানে গিয়ে লাশটি মনিরের বলে শনাক্ত করেন।মনিরের আত্মীয়রা জানান, সর্বশেষ ৬ মার্চ দুপুরে মনির মা-বাবার সঙ্গে ফোনে কথা বলেন। তখন তিনি খুব কান্নাকাটি করে সবাইকে দোয়া করতে বলেন। তিনি আরও বলেন, ‘এটাই আমার শেষ কথা, আমরা জাহাজে করে দেশের উদ্দেশে রওনা হয়েছি বলে নেটওয়ার্কের বাইরে যাচ্ছি। ঢাকায় এসে কথা হবে।’মনিরের ভাই নজরুল প্রথম আলোকে জানান, মনিরের লাশ শনাক্ত করার পরও প্রক্রিয়াগত জটিলতার কারণে তাঁরা তা নিতে পারেননি; গতকাল শুক্রবার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ঢাকায় রওনা হয়েছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দু-এক দিনের মধ্যে লাশ বাড়িতে নিতে পারবেন বলে জানান। তিনি আরও জানান, পাঁচ ভাইয়ের মধ্যে মনির চতুর্থ। এসএসসি পাসের পর বেকার মনির ২০১১ সালের ২০ ফেব্রুয়ারি কাজের জন্য লিবিয়ায় যান।মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সাইদুলএদিকে মনিরের সহকর্মী ও জাহাজ থেকে ঝাঁপিয়ে পড়ে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া নারায়ণঞ্জের সোনারগাঁ উপজেলার সাইদুল (৩০) গতকাল মুঠোফোনে প্রথম আলোকে জানান, ৬ মার্চ রাত প্রায় দুইটার দিকে তাঁদের জাহাজটি গ্রিসের বন্দরে নোঙর করে। এ সময় তাঁরা জাহাজের সপ্তম তলায় ঘুমিয়ে ছিলেন। কেউ একজন ডেকে ঘুম থেকে উঠিয়ে বলেন, গ্রিসে থেকে যাওয়ার জন্য অনেকে জাহাজ থেকে পালাচ্ছেন। পরে তাঁরা জাহাজের পেছন দিকে গিয়ে দেখেন, মোটা রশি বেয়ে অনেকে সাগরে নামছেন। তাঁদের কেউ কেউ লাইফ জ্যাকেট পরা ছিলেন। এর মধ্যে তাঁদের কোম্পানির কর্মকর্তা শফিউলও (মারা গেছেন) ছিলেন। তাঁরাও সাগরে ঝাঁপিয়ে পড়ে পালানোর চেষ্টা করেন। রশি বেয়ে সাততলা থেকে নামতে তাঁদের হাতের চামড়া ছুলে রক্ত বের হয়ে যায়। শেষে রশি ছেড়ে দিলে পানিতে পড়ে যান। সেখানকার পানি ছিল প্রচণ্ড ঠান্ডা। তার ওপর পানির তীব্র চাপ ও স্রোত তাঁদের নিচের দিকে নিয়ে যাচ্ছিল। তিনিসহ অনেকেই ‘হেল্প’ ‘হেল্প’ বলে চিৎকার করেন। এ সময় মনির তাঁর পাশেই ছিলেন। ধীরে ধীরে সবাই নিস্তেজ হয়ে পড়ছিলেন। এভাবে প্রায় ২৫ থেকে ৩০ মিনিট থাকার পর নৌবাহিনীর একটি জাহাজ ও কয়েকটি স্পিডবোট তাঁদের উদ্ধার করে। কিন্তু তার আগে মৃত্যুর কোলে ঢলে পড়েন মনির।