‘ঢাকায় যাওয়া কেউই ঠেকাতে পারবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা চলো কর্মসূচি সফল করতে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে একাধিক সমাবেশ ও গণমিছিল করেছে বিএনপি। সমাবেশে বক্তারা বলেন, ঢাকা শহর কারও একার সম্পত্তি নয়। নেতা-কর্মীদের ঢাকায় যাওয়া কেউই ঠেকাতে পারবে না।গতকাল বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপি নগরের রাহাত্তারপুল এলাকায় গণমিছিল করে। মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রধান অতিথি এবং নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বিশেষ অতিথি ছিলেন। সমাবেশে এম কে আনোয়ার বলেন, ‘তিন বছরে সরকার জনগণকে ভাতে, পানিতে ও বিদ্যুতে মেরেছে। এ সরকারকে অপসারণ করতে না পারলে বাংলাদেশ আবারও শেখ মুজিবের তলাবিহীন ঝুড়িতে পরিণত হবে। সরকার যতই বাধা দিক না কেন, আমরা ঢাকার রাস্তাঘাটে থাকব।’আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম খালি করো, ঢাকা শহর ভর্তি করো—এটাই এখন আমাদের স্লোগান। সরকার গাড়ি, ট্রেনে করে যেতে দেবে না বলে যে কথা বলছে, তা ভাঁওতাবাজি। আমরা গাড়ি আর ট্রেনে করেই ঢাকা শহরে হাজির হব।’ নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, শামসুল আলম, এ এম নাজিম উদ্দিন প্রমুখ।