‘ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভানে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পর গ্রামছাড়া হয়ে সুদূর কাতারে পাড়ি জমান পরাজিত এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থক বাশার হাজি। কাতারে যান বিজয়ী প্রার্থীর সমর্থক একই এলাকার আক্তার মণ্ডলও। কাতারে হঠাৎ গতকাল শনিবার বাশার ও আক্তারের দেখা হয় এবং সেখানে তাঁরা সংঘর্ষে লিপ্ত হন। এর জের ধরে গতকাল শনিবার রাতে মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে বাশার হাজির বাড়িতে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনার জন্য বাশার হাজির পরিবার আক্তার মণ্ডলের পক্ষের লোকজনকে দায়ী করেছেন। এ প্রসঙ্গে পুলিশের এক কর্মকর্তা কৌতুক করে বলেন, ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। মোল্লাকান্দির লোক যেন বিদেশে গিয়েও শান্তিতে নাই।’ বাশার হাজির বাড়ি মোল্লাকান্দি ইউনিয়নের পশ্চিম মাকহাটীতে। আক্তার মণ্ডল একই ইউনিয়নের রাজারচর গ্রামের বাসিন্দা।