বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না। সরকারকে তার চক্রান্ত বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে।তিনি গতকাল বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শনে এসে এসব কথা বলেন।যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, সারা দেশে ১৯৫ জন যুদ্ধাপরাধী ছিল। তাদের অধিকাংশই পাকিস্তানে আছে। সরকার তাদের দেশে এনে বিচার করতে পারে না। অথচ যুদ্ধাপরাধীদের বিচারের নামে রাজনৈতিক নেতাদের ওপর নির্যাতন চালাচ্ছে।এর আগে বিএনপির অপর স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানও তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে সাংবাদিকদের জানান। এ ছাড়া বিএনপির চেয়ারপারসনের পক্ষ থেকে হান্নান শাহ কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহাকে ফুলের তোড়া দিয়ে শারদীয় শুভেচ্ছা জানান।