'তথ্য অধিকার আইন ট্র্যাকিং সিস্টেম'
তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তথ্য অধিকার আইন মাঠপর্যায়ে সম্প্রসারণ এবং মানুষের তথ্য পাওয়ার অধিকার প্রতিষ্ঠার পথকে সুগম করার লক্ষ্যে ‘তথ্য অধিকার আইন ট্র্যাকিং সিস্টেম’ নামের একটি প্রযুক্তিনির্ভর অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন এই প্রকল্পে আর্থিক সহায়তা দেবে।
প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক গতকাল রোববার সকালে তথ্য কমিশনের সম্মেলনকক্ষে এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক বলেন, তথ্য অধিকার আইন ট্র্যাকিং সিস্টেম হবে একটি প্রযুক্তিনির্ভর অনলাইন প্ল্যাটফর্ম। এ প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের যেকোনো নাগরিক অনলাইনে তথ্য প্রাপ্তির আবেদন, আপিল আবেদন এবং তথ্য কমিশনে অভিযোগ দায়ের করতে পারবেন। প্ল্যাটফর্মটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করবে তথ্য কমিশন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, তথ্য কমিশনের সচিব মো. ফরহাদ হোসেন, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম। সভাপতিত্ব করেন ডি-নেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান।