'তথ্য আপা'র সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তথ্য আপা’র কাছে আম্বিয়া বেগমের প্রশ্ন ছিল, এবার তাঁর কাঁঠালগাছে মুকুল ঝরে পড়েছিল কেন? হনুফা বেগম জানতে চান, বাড়ির উঠানে বেগুন চাষ করতে হলে কী কী করা দরকার। রোকসানার ছেলে বেকার। এ মুহূর্তে কোথায় আবেদন করলে চাকরি পাওয়ার সম্ভাবনা আছে? তথ্য আপা তাৎক্ষণিকভাবে ল্যাপটপে ইন্টারনেট সচল করলেন। ওয়েবসাইট ঘেঁটে ওই সংক্রান্ত তথ্য সবার সামনে তুলে ধরলেন। উপস্থিত সবার চোখে বিসঞ্চয়। সমবেত করতালি। তথ্য আপা জানালেন, এখন থেকে জীবন-জীবিকার জন্য প্রয়োজনীয় সব তথ্য নারীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য তাঁরা সদা জাগ্রত আছেন। গতকাল মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের চণ্ডীবেড় মধ্যপাড়ায় ‘তথ্য আপা’র এই উঠান বৈঠক বসে। এতে প্রায় ৫০ জন নারী অংশ নেন।   জানা যায়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নের জন্য ‘তথ্য আপা’ নামে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় একটি প্রকল্প চালু করে। পাইলট (পরীক্ষামূলক) প্রকল্প হিসেবে ছয় মাস আগে থেকে দেশের ১০টি উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভৈরবে জাতীয় মহিলা সংস্থা প্রকল্পটি মাঠপর্যায়ে বাস্তবায়ন করছে। প্রকল্প বাস্তবায়নের জন্য তিনজন নারীকে তথ্য সহকারী হিসেবে পদায়ন করা হয়েছে। মানুষের কাছে তাঁদের পরিচয় ‘তথ্য আপা’ হিসেবে। ছয় মাস ধরে তাঁরা পাড়ায় পাড়ায় উঠান বৈঠকের মাধ্যমে মানুষকে তথ্যসেবা দিচ্ছেন। জাতীয় মহিলা সংস্থা ভৈরব শাখার চেয়ারম্যান উলফত আরা জাহানের সভাপতিত্বে গতকালের উঠান বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বলা হয়, তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিশ্বের অনেক দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। সেবাদানে সাফল্য অর্জন করেছে। আমরা ততটা এগোতে পারিনি। অথচ বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তির ব্যবহার ছাড়া এক পা এগোনো সম্ভব নয়। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন জিল্লুর রহমান সরকারি মহিলা কলেজের প্রভাষক কে এম হাবিবুর রহমান, প্রথম আলো ভৈরব কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, তথ্য আপা ফারজানা সুলতানা, রুবিনা আক্তার ও ইসরাত জাহান।