'তথ্য সংগ্রহ শেষে সব ক্লাবেই অভিযান'

রাজধানীর অনেক অভিজাত ক্লাবের বিরুদ্ধে শুল্কমুক্ত সুবিধায় আনা মদ বিক্রিসহ নানা অভিযোগ রয়েছে। অভিযোগ যাচাই-বাছাইয়ের পর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. সহিদুল ইসলাম।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মো. সহিদুল ইসলাম। সংবাদ সম্মেলনে গতকাল বিকেলে রাজধানীর উত্তরা ক্লাবে অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকার বিদেশি মদ উদ্ধারের কথা জানানো হয়।
শুল্ক গোয়েন্দারা গতকাল উত্তরা ক্লাবের অভিযান চালান। রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার মদ বিক্রি করা হচ্ছ—এমন অভিযোগের ভিত্তিতে প্রথমে ক্লাবটি ঘিরে ফেলে শুল্ক গোয়েন্দার নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শুরুতে ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে বাধা পেলেও পরে বিকেল পাঁচটার দিকে ক্লাবের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে অভিযান চালানো হয়।
অভিযান প্রসঙ্গে শুল্ক গোয়েন্দার প্রধান বলেন, ‘আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ক্লাবটিতে অভিযান পরিচালনা করেছি। শুরুতে আমরা সেখানে গিয়ে বিভিন্ন কাগজপত্র দেখতে চাইলে তাঁরা কোনো কাগজ দেখাতে পারেননি। তদন্তে যাচাই করে দেখা হবে তাঁরা কোথা থেকে এসব কিনেছিলেন। এ ক্ষেত্র সরকার রাজস্ববঞ্চিত হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে।’
চোরাই বা শুল্ক ফাঁকি দিয়ে আনা মদ রাজধানীর অনেক অভিজাত ক্লাবে আছে—এমন অভিযোগ রয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দার ডিজি। তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে, শুধু উত্তরা ক্লাব নয়, রাজধানীর অনেক অভিজাত ক্লাবে শুল্ক ফাঁকি দিয়ে মদ আনা হচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে তদন্ত করছি। সুনির্দিষ্ট প্রমাণ পেলে ওই সব ক্লাবেও অভিযান চালানো হবে।’
শুল্ক গোয়েন্দার প্রধান তাঁর লিখিত বক্তব্যে সংস্থাটির সাম্প্রতিক কর্মকাণ্ডের নানা তথ্য তুলে ধরেন। তিনি বলেন, আগের যেকোনো সময়ের তুলনায় বিদেশে অর্থ পাচার বেড়ে গেছে। তবে এ বিষয়ে তাঁর সংস্থা নিয়মিত কার্যক্রম চালাচ্ছে। তিনি জানান, ইতিমধ্যেই মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত কিছু প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।