'তথ্য সুরক্ষা আইন' প্রণয়নের দাবি
তথ্য সুরক্ষা দিবসের আলোচনায় আলোচকেরা বলেছেন, বিভিন্ন সেবা দেওয়ার নামে অনেক প্রতিষ্ঠান প্রযুক্তি ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিচ্ছে, যা দেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ডিজিটাল বাংলাদেশ মানে শুধু ডিজিটাল সেবা দেওয়া নয়, বরং দেশের মানুষ ডিজিটালি যেসব তথ্য সংরক্ষণ করছেন, সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। ব্যবহারকারীদের ডিজিটালভাবে সংরক্ষিত তথ্যের নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে ‘তথ্য সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি জানান তাঁরা।
আন্তর্জাতিক তথ্য সুরক্ষা দিবস উপলক্ষে আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করা হয়। ‘প্রাইভেসি টক’ শীর্ষক সভার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। সহযোগিতায় ছিল প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান আগামীটেক ও মিডিয়া মিক্স কমিউনিকেশনস।
সভায় আলোচকেরা বলেন, দেশের ডিজিটাল মাধ্যম ব্যবহারকারীরা তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে সচেতন নন। ফলে অল্পতেই তারা সাইবার অপরাধের শিকার হচ্ছেন। সংবিধানে ব্যক্তির তথ্য সুরক্ষা ও গোপনীয়তাকে মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও দেশের কোনো আইনে নাগরিকের তথ্য সুরক্ষার বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা নেই।
সভায় সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের আহ্বায়ক কাজী মুস্তাফিজ। তাতে বলা হয়, সংবিধানে ব্যক্তির তথ্য সুরক্ষা ও গোপনীয়তা মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃত। অথচ বাংলাদেশের কোনো আইনে নাগরিকের তথ্য সুরক্ষার বিষয়ে সুস্পষ্ট কোনো দিকনির্দেশনা নেই। এখন সময় এসেছে তথ্য সুরক্ষা আইন প্রণয়নের।
তথ্যপ্রযুক্তি বিভাগের কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজের (সিসিএ) নিয়ন্ত্রক আবুল মানসুর মোহাম্মদ সারফ উদ্দিন বলেন, বর্তমানে সরকার ১২৫ ধরনের ডিজিটাল সেবা দিচ্ছে। দেশে ৯ কোটি ইন্টারনেট সংযোগ রয়েছে। কিন্তু ব্যবহারকারীরা তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে মোটেই সচেতন নন। কোমলমতি মেয়েরা অল্পতেই সাইবার অপরাধের শিকার হচ্ছে। প্রত্যেক ইন্টারনেট ব্যবহারকারীর জন্য তথ্য সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রযুক্তিবিদ এ কে এম নজরুল হায়দার বলেন, মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপস ব্যবহার করার সময় ৯৯ শতাংশ ব্যবহারকারী সব তথ্যে প্রবেশাধিকারের অনুমোদন দিয়ে দেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এসব তথ্য চড়া দামে বিক্রি করছে।
সংগঠনের সদস্যসচিব আবদুল্লাহ হাসানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ইউনিভার্সিটির সাইবার নিরাপত্তা বিভাগের সহযোগী অধ্যাপক এম পান্না, যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস অব ডিজিটাল সার্ভিসেসের (ইউএসডিএস) কোয়ালিটি অ্যাসুরেন্স পরিচালক শেখ গালিব রহমান প্রমুখ।