‘তথ্যপ্রযুক্তি খাতে উন্নতির ফলে আমাদের আয় বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীরা এ খাতে ক্যারিয়ার গড়লে নিজেদের পাশাপাশি দেশকেও এগিয়ে নিয়ে যেতে পারবে।’
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আয়োজিত তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গঠনবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম এসব কথা বলেন।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে তথ্য ও প্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়ার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কৌশল বিভাগের প্রধান মোহাম্মদ মশিউল হক সেমিনারে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের রেজিস্ট্রার ফারুক উজ জামান চৌধুরী ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল হক।