'তথ্যের প্রবাহ নিশ্চিত করলে দুর্নীতি কমবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনা সভা, শোভাযাত্রা, তথ্যমেলার আয়োজনসহ নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে গতকাল রোববার যশোর, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে।
যশোরের কালেক্টরেট সভাকক্ষে ‘তথ্য অধিকার আইন ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে জেলা প্রশাসন, বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও স্থানীয় দৈনিক গ্রামের কাগজ।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে পারলে সরকারি-বেসরকারি সব দপ্তরের দুর্নীতি কমে আসবে।
এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, সচেতনতা সৃষ্টির মাধ্যমে তথ্য অধিকার আইন জনগণের কাছে পৌঁছে দিতে পারলে দেশের সমস্ত খাতের দুর্নীতি কমে যাবে। রাষ্ট্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।
বরিশাল সার্কিট হাউস চত্বর থেকে গতকাল সকাল সাড়ে নয়টায় শোভাযাত্রা বের হয়। এরপর নগরের অশ্বিনীকুমার হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন, এমআরডিআই ও টিআইবি যৌথভাবে ওই অনুষ্ঠানের আয়োজন করে। বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের কমিশনার মো. গাউস। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক যুগ্ম সচিব ও বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি এম মোয়াজ্জেম হোসেন, পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. হুমায়ূন কবির প্রমুখ।