‘তদন্ত ও জেরায় পাওয়া তথ্যে অনেক গরমিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ কেলেঙ্কারির ঘটনায় বরখাস্ত হওয়া রেলওয়ের কর্মকর্তা ইউসুফ মৃধা এবং এনামুল হক ও তাঁর স্ত্রীকে সম্পদবিবরণীর বিষয়ে গতকাল রোববার জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইউসুফ মৃধা ও তাঁর স্ত্রী জাকিয়া ইউসুফকে তাঁদের সম্পদের বিবরণীর বিষয়ে আরও কিছু কাগজপত্র নিয়ে আজ সোমবার আবারও জিজ্ঞাসাবাদের জন্য দুদকে আসতে বলা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের চাকরিচ্যুত ব্যক্তিগত সহকারী (এপিএস) ওমর ফারুক তালুকদারের জবানবন্দি নেয় দুদক।সংস্থার অনুসন্ধান বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযুক্ত ব্যক্তিদের দেওয়া জবানবন্দি ও দুদকের প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের মধ্যে অনেক গরমিল রয়েছে। গত ৩ জুন রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ মৃধা ও তাঁর স্ত্রী জাকিয়া ইউসুফ, রেল পুলিশ ঢাকার কমান্ড্যান্ট এনামুল হক ও তাঁর স্ত্রী রাহাত আরা এবং এপিএস ওমর ফারুক দুদকে তাঁদের সম্পদের হিসাব জমা দেন। দুদক সূত্রে জানা গেছে, সন্দেহভাজন ব্যক্তিরা সম্পদবিবরণীতে ব্যাংকে বিভিন্ন অঙ্কের সঞ্চয়, গুলশানে ফ্ল্যাট, বিভিন্ন আবাসিক প্রকল্পে প্লট ও কৃষিজমির কথা উল্লেখ করেছেন। গত ৯ এপ্রিল সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ফারুকের গাড়িতে বিপুল অঙ্কের নগদ অর্থ পাওয়ার ঘটনা দুদক তদন্ত করছে। ওই গাড়িতে ইউসুফ মৃধা ও এনামুল হকও ছিলেন। রেলওয়ের নিয়োগ-বাণিজ্য: রেলওয়ের নিয়োগ-বাণিজ্য নিয়ে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে দুদক সূত্র। এ ছাড়া অনুসন্ধানের অংশ হিসেবে আজ সোমবার রেলওয়ের শীর্ষ পর্যায়ের সাত কর্মকর্তাকে ডেকেছে কমিশন। কমিশনের উপপরিচালক আবু সাইদের নেতৃত্বে সহকারী পরিচালক রাশেদুর রেজা ও মুজিবুর রহমান এই অনুসন্ধান করছেন।