
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে গতকাল মঙ্গলবারও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সমাবেশ, মানববন্ধনসহ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
এসব কর্মসূচিতে বক্তারা বলেন, তনু হত্যার প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে ধর্ষণ হয়নি। কিছুদিন পর হয়তো বলা হবে তনু আত্মহত্যা করেছে। তাঁরা বলেন, ‘আমরা তনু হত্যার তদন্ত নিয়ে কোনো নাটক দেখতে চাই না।’
সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে তনু হত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি করে গতকাল দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। তার আগে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সংক্ষিপ্ত সমাবেশ করেন জোটের নেতা-কর্মীরা।
সমাবেশে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘তনুকে হত্যার পর ১৬ দিন অতিবাহিত হয়েছে। কিন্তু বিচারের কোনো অগ্রগতি দেখছি না। মামলার ধীরগতি দেশের নাগরিকদের বিভ্রান্ত করছে।’
সমাবেশ শেষে টিএসসি থেকে মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করেন জোটের নেতা-কর্মীরা। দোয়েল চত্বরের কাছে মিছিলটিকে আটকে দেয় পুলিশ। পরে জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, সাবেক সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আকতারুজ্জামানসহ একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি দেয়।
স্মারকলিপিতে বলা হয়, তনুর নির্মম হত্যাকাণ্ডে মানুষ ব্যথিত ও ক্ষুব্ধ। এ ঘটনার তদন্তে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। উপরন্তু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বক্তব্য উপস্থাপিত হওয়ায় জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে শিশু ও নারী নির্যাতনের ঘটনায় দেশবাসীর মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।
ঢাকার বাইরে বিক্ষোভ
তনু হত্যার বিচারের দাবিতে গতকাল সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সমাবেশ ও প্রতীকী সাংস্কৃতিক কর্মসূচি পালন করে উদীচী শিল্পগোষ্ঠী। লাকসাম পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এবং লাকসাম-নোয়াখালী রেললাইনের দুই পাশে মানববন্ধন-সমাবেশ করে বিদ্যালয়ে শিক্ষার্থী ও উদীচী শিল্পীগোষ্ঠী। বিকেলে কুমিল্লা টাউন হলের সামনের সড়কে মানববন্ধন করে উদীচী।

কিশোরগঞ্জ শহরের রংমহল সিনেমা হলের সামনে ও কক্সবাজার শহরে উদীচী এবং পটুয়াখালী প্রেসক্লাব ও চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ মানববন্ধন-সমাবেশ করে। দিনাজপুরের দশমাইল এলাকায় ইয়াসমিন স্মৃতিস্তম্ভের সামনে দিনাজপুর উইমেন অ্যান্ড চাইল্ড রাইটস অ্যালায়েন্স ও বাহাদুর বাজারে সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (এসইউপিকে) মানববন্ধন করে।
পঞ্চগড়ে শেরেবাংলা পার্কের সামনে মানববন্ধন আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখা। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষও অংশ নেয়।
প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন হস্তান্তর: তনুর প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন গতকাল বেলা আড়াইটায় মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহীমের কাছে হস্তান্তর করেন কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান কামদা প্রসাদ সাহা।
এ সময় গাজী মোহাম্মদ ইব্রাহীম প্রথম আলোকে বলেন, তিনি প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে এই কর্মকর্তা বলেন, গত শনি ও রোববার তনুর পরিবারের সদস্যদের, একজন সেনা কর্মকর্তার ছেলে, সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) একজন চিকিৎসক, আয়া, নার্স ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের বক্তব্য নথিবদ্ধ করা হয়েছে। সবকিছু মিলিয়ে মাত্র কাজ শুরু করা হয়েছে। এখন দম ফেলার সময় নেই।
গত ২০ মার্চ রাতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী তনু খুন হন। রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি ঝোপ থেকে তাঁর লাশ উদ্ধার করেন বাবা মো. ইয়ার হোসেন।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা]
আরও পড়ুন: