যশোরে শহীদ সাংবাদিক শামছুর রহমান হত্যার বিচার দাবির মধ্য দিয়ে গতকাল রোববার তাঁর হত্যাকাণ্ডের ১৭তম বার্ষিকী পালিত হয়েছে। যশোর প্রেসক্লাব ও সাংবাদিকদের দুটি ইউনিয়ন পৃথক কর্মসূচিতে দৈনিক জনকণ্ঠ-এর এই বিশেষ প্রতিনিধিকে স্মরণ করে।
বেলা সাড়ে ১১টায় যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য বলেন, ‘আমি কল্পনা করতে পারি না যে শামছুর রহমানের মতো একজন মেধাবী সাংবাদিকের হত্যার বিচার ১৭ বছরেও হলো না। আমি মনে করি, সরকারের যে সংস্থাটি মামলার তদন্ত করেছে, তারা কোনো না কোনোভাবে প্রভাবিত হয়েছে। আমি কথা দিচ্ছি, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়ে শামছুর রহমান হত্যার বিচার দাবি করব।’
জেইউজের সভাপতি ও নিহত সাংবাদিক শামছুর রহমানের ছোট ভাই সাজেদ রহমান বলেন, ‘১৭ বছর ধরে বিচার চাচ্ছি। বিচার হচ্ছে না। আমার ভাবি (শামছুর রহমানের স্ত্রী) দুই বছর আগে থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন। কী কথা বলবেন। প্রতিবছর তো একই কথা বলতে হয়। আমরাও হয়তো আর কথা বলব না।’
স্মরণসভায় আরও বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক, ঘাতক দালাল নির্মূল কমিটির যশোরের সভাপতি হারুন-অর-রশীদ, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান প্রমুখ।
এর আগে সকাল ১০টায় যশোর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান হয়। সকাল নয়টায় সাংবাদিকেরা প্রেসক্লাবে জমায়েত হয়ে কালো ব্যাজ ধারণ করে যশোরের কারবালা কবরস্থানে শহীদের কবরে ফুল দেন। পরে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
২০০০ সালের ১৬ জুলাই যশোর শহরের দড়াটানা মোড়ের নিজ কার্যালয়ে গুলিতে নিহত হন শামছুর রহমান।