
১০ ট্রাক অস্ত্র আটক মামলায় আগের তদন্ত কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার ইসমাইল হোসেন সঠিকভাবে তদন্ত করেছিলেন বলে আসামির এক আইনজীবী আদালতে দাবি করেন।ওই তদন্ত সুষ্ঠু হচ্ছিল বলেই ইসমাইল হোসেনকে সরিয়ে দলীয় দৃষ্টিকোণ থেকে সর্বশেষ তদন্ত কর্মকর্তা হিসেবে মো. মনিরুজ্জামান চৌধুরীকে সরকার নিয়োগ দেয়।তবে আইনজীবীর এ বক্তব্য নাকচ করে দেন সর্বশেষ তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান চৌধুরী।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মহানগর ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমের আইনজীবী কামরুল ইসলাম তদন্ত কর্মকর্তাকে জেরা শুরু করেন।জেরায় আদালতের ৪ ও ৬ নম্বর পর্যবেক্ষণ নিয়ে কয়েকটি প্রশ্ন করা হয় তদন্ত কর্মকর্তাকে।বেলা সাড়ে তিনটা পর্যন্ত আবদুর রহমানের পক্ষে জেরা অসমাপ্ত রেখে আগামী ১৩ আগস্ট পর্যন্ত আদালত মুলতবি করা হয়।
আজ জেরার একপর্যায়ে তদন্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান চৌধুরী বলেন, ‘অপ্রাসঙ্গিক কিছু প্রশ্ন করা হচ্ছে।এভাবে প্রশ্ন করা হলে সবকিছুর জবাব দেওয়া সম্ভব নয়।’
আইনজীবী: কোন জাহাজের মাধ্যমে অস্ত্রগুলো পরিবহন হয়েছে তা চিহ্নিত করা হয়নি।তবে জাহাজটি যে চিহ্নিত করা সম্ভব নয় তা কিন্তু অভিযোগপত্রে উল্লেখ করা হয়নি।এটা কি ঠিক?
তদন্ত কর্মকর্তা: অভিযোগপত্রে যা লেখা আছে সেটাই আমার বক্তব্য।
আইনজীবী: আগের তদন্ত কর্মকর্তা ইসমাইল হোসেন সঠিকভাবে তদন্ত চালিয়ে যাচ্ছিলেন।আর এই অস্ত্রগুলো বঙ্গবোরাকে করে আনা হয়, যার মালিক সাবের হোসেন চৌধুরীর বড় ভাই সাঈদ হোসেন চৌধুরী।এই বিষয়টি ধামাচাপা দিতে ইসমাইল হোসেনকে সরিয়ে দিয়ে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে আপনাকে (মনিরুজ্জামান চৌধুরী) তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
তদন্ত কর্মকর্তা: এই বক্তব্য সঠিক নয়।
আইনজীবী: আদালত পর্যবেক্ষণে বলেছেন, সার্জেন্ট আলাউদ্দিন ও হেলাল উদ্দিন কীভাবে দুটি অস্ত্র সরিয়েছেন, তা নির্ধারণ করতে।আপনি (তদন্ত কর্মকর্তা) এই পর্যবেক্ষণের কোনো তদন্ত করেননি।
তদন্ত কর্মকর্তা: সঠিক নয়।
আইনজীবী: নোয়াখালীর সুধারামে যে অস্ত্র উদ্ধার হয় তার গায়ে ৫৬ লিখে ক্রম নম্বর দেওয়া হয়েছে।আর কয়লার ডিপোতে (১০ ট্রাক অস্ত্র চালানের অংশবিশেষ) যে অস্ত্র উদ্ধার হয়েছে তার গায়েও ৫৬ লেখা আছে।এই অস্ত্রগুলো সার্জেন্ট হেলালউদ্দিন ও আলাউদ্দিন কয়লার ডিপো থেকে সরিয়ে বিক্রি করে দেয়, যা সুধারাম থেকে উদ্ধার হয়।
তদন্ত কর্মকর্তা: এই বক্তব্য সঠিক নয়।
আইনজীবী: আদালত মামলাটি অধিকতর তদন্তের আদেশ দিয়েছিলেন।অর্থাত্ পূর্বের বিচারাধীন আসামি বা যেসব সাক্ষীর জবানবন্দি ও জেরা গৃহীত হয়েছে, তাদের আবার জিজ্ঞাসাবাদের নির্দেশনা ছিল না।আপনি (তদন্ত কর্মকর্তা) ওই আসামি ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেছেন, যা অধিকতর তদন্তের নামে মামলাটি আসলে পুনঃ তদন্ত হয়েছে।
তদন্ত কর্মকর্তা: এটা ঠিক নয়।আমি আদালতের নির্দেশনা মেনেই মামলাটি অধিকতর তদন্ত করেছি।
আইনজীবী: ব্যবসায়ী সালমান এফ রহমান ও চিত্রপরিচালক আজমল হুদা মিঠুসহ অনেকের সঙ্গে ঢাকার সেইফ হাউসে উলফা নেতা পরেশ বড়ুয়ার ওঠাবসা ছিল।এই মামলায় সালমান এফ রহমান ও আজমল হুদা মিঠুকে জিজ্ঞাসাবাদ করেছেন?
তদন্ত কর্মকর্তা: আজমল হুদা মিঠু মারা যাওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করার সুযোগ হয়নি।আর সালমান এফ রহমানকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল না।
২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার জেটিঘাটে সমুদ্রপথে আনা অস্ত্রের চালানটি ধরা পড়ে। এ ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা হয়। ২০১১ সালের ২৬ জুন আরও ১১ আসামির নাম অন্তর্ভুক্ত করে আদালতে ১০ ট্রাক অস্ত্র মামলার সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন সিআইডির চট্টগ্রাম অঞ্চলের তত্কালীন এএসপি মো. মনিরুজ্জামান চৌধুরী। একই বছরের ১৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। ২০১১ সালের ২৯ নভেম্বর থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।