'তদন্ত সঠিক না হলে অভিযুক্তকে উপযুক্ত শাস্তি দেওয়া সম্ভব নয়'
হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা দেবনাথ বলেছেন, নারী ও শিশু নির্যাতনের মামলাগুলো সঠিকভাবে তদন্ত করা না হলে বিচারকার্য শেষ করা ও অভিযুক্তকে উপযুক্ত শস্তি দেওয়া সম্ভব নয়। এ জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা বা সংস্থাগুলোকে আন্তরিকতার সঙ্গে তদন্ত করতে হবে।
গতকাল শনিবার নোয়াখালী জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা নারীপক্ষ, ঘরণী ও মানুষের জন্য ফাউন্ডেশন ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিচারপ্রাপ্তির ক্ষেত্র বিনির্মাণ’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় বিচারপতি কৃষ্ণা দেবনাথ আরও বলেন, পুলিশ নারী ও শিশুবান্ধব হলে থানায় দায়ের করা মামলাগুলো সঠিকভাবে তদন্ত হবে।
ইউ এম হাবিবুন নেসার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাহাতাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহামদ কবির, জ্যেষ্ঠ সহকারী জজ মোহাম্মদ সামছু উদ্দিন, জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহানা ভূঁইয়া প্রমুখ।