‘তদন্তের স্বার্থে আবুল হোসেন পদত্যাগ করেছেন’
নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বিএনপি চাচ্ছে, পদ্মা সেতু যাতে না হয়। আমরা যখন বললাম, বিশ্বব্যাংক টাকা দেবে না, আমরা নিজেদের টাকা দিয়ে পদ্মা সেতু করব তখন তারা বলল, পদ্মা সেতু করতে হবে। বিশ্বব্যাংকের টাকা দিয়েই করতে হবে। দুর্নীতি হচ্ছে তার কোনো তথ্য-প্রমাণ না দিয়েই তারা বলল, দুর্নীতি হয়ে গেছে। মন্ত্রীর পদত্যাগের পর তারা বলল, মন্ত্রীর পদত্যাগ প্রমাণ করে, আমরা দুর্নীতি করেছি। তদন্তের স্বার্থে মন্ত্রী পদত্যাগ করেছে, তা-ও আবার অপরাধ?’মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে গতকাল শুক্রবার কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে সৈয়দ আবুল হোসেনের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। পদ্মা সেতু প্রসঙ্গে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘একটা গল্প আছে, পাকা ধানখেতে নৌকা ঢুকিয়ে দিছে একজন। জমির মালিক বলে, নৌকা ঢুকাইছ কেন? নৌকাওয়ালা বলে, আমি বাইর হইয়া যাচ্ছি। কোন দিক যামু, পূর্ব দিকে যাই। মালিক বলে, পূর্ব দিকে যাইতে পারবা না। তাহলে পশ্চিম না হয় উত্তর বা দক্ষিণ দিক দিয়া যাই। তা-ও যাইতে পারবা না। তাহলে কেমন করব? জমির মালিকের উত্তর, কেমনও করতে পারবা না। পদ্মা সেতু নিয়ে বিএনপির কথা শুনে মনে হয় আমরা কেমনও করতে পারব না। কিন্তু আমরা সেই রকম নই, আমরা কেমন করতে জানি।’