‘তদন্তের স্বার্থে কিছু বলা যাবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের দুই মাস পার হলেও খুনিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁদের সহকর্মীরা। গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তাঁরা অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান।এদিকে গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এক অনুষ্ঠানে বলেছেন, ‘সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের অগ্রগতি তদন্তের স্বার্থে বলা যাবে না, বললে অসুবিধা আছে।’ রাজধানীর বাড্ডা থানার পুরোনো ভবনে স্থাপিত ঢাকা মহনগর পুলিশের (ডিএমপি) ভাটারা থানা উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ কথা বলেন।সাগর-রুনি হত্যাকাণ্ডের দুই মাস পেরিয়ে গেলও এর অগ্রগতি কতটুকু—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা হয়েছে। তদন্তের সর্বশেষ অবস্থা তাঁদের জানানো হয়েছে। তদন্তে অগ্রগতি হচ্ছে দাবি করে তিনি বলেন, মামলার তদন্তের স্বার্থে এ সম্পর্কে আর কিছু বলা যাবে না।নৃশংস এই হত্যাকাণ্ডের দুই মাস পূর্তি উপলক্ষে এটিএন বাংলা ও মাছরাঙা টেলিভিশনের পক্ষ থেকে সহকর্মীরা গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। সাগর-রুনি হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার দাবিতে এ সময় বক্তব্য দেন মনজুরুল আহসান বুলবুল ও রেজোয়ানুল হক।গত ১০ ফেব্রুয়ারি রাতের কোনো এক সময় নিজ বাসায় খুন হন এটিএন বাংলার সাংবাদিক মেহেরুন রুনি ও মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার।