'তদবির করব না'
মাদকসেবী, ছিনতাইকারী কিংবা অন্য কোনো অপরাধীকে ধরে থানায় আনার আগেই ফোনে ওসির ব্যস্ততা বেড়ে যায়। ফোনে আকসিঞ্চক এই ব্যস্ততার উৎস তদবির। অধিকাংশ ক্ষেত্রে তদবিরের ধরন থাকে ‘ওসি সাহেব, আপনি যাঁকে ধরেছেন, তিনি আসলে ওই ধরনের কোনো অপরাধী নন। বোঝেন না, কারোর ভালো কেউ চায় না। শত্রুতা করে কেউ তাঁকে ফাঁসিয়ে দিয়েছে।’ এ ধরনের আরও কিছু কথা বলার পর অপরাধীকে ছেড়ে দিতে অনুরোধ করা হয়। কোনো কোনো ক্ষেত্রে এই তদবির চাপে পরিণত হয়।
গত মঙ্গলবার থানা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মতবিনিময় সভায় তদবির বিড়ম্বনার কথা শোনালেন ভৈরব থানার ওসি সরাফত উল্লাহ। তিনি বলেন, এতে করে পুলিশি কার্যক্রমের স্বাভাবিকতা নষ্ট হয়। সুবিধায় থাকে অপরাধীরা। তদবির কমে গেলে, অপরাধও কমে যাবে—ওসির এমন বক্তব্যের পর সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তদবির না করার অঙ্গীকার করেন। এবং এ জাতীয় টেলিফোনকে ‘না’ জানানোর ঘোষণা দেন।
সকালে ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে এই সভা হয়। সভায় রাজনৈতিক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।
নেতারা বলেন, ভৈরবে ইদানীং ছিনতাই বেড়েছে। নাটাল সড়ক ও রেলওয়ে কলোনি মন্দিরে দিনদুপুরে লোকজন ছিনতাইয়ের কবলে পড়ছে। ছিনতাইকারীরা শুধু টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে ক্ষান্ত হচ্ছে না, ছুরিকাঘাত করে জীবন সংকটাপন্নও করে তুলছে। একই সঙ্গে বেড়েছে মাদকের বিস্তার। মাদকের সঙ্গে চুরি-ছিনতাইসহ অন্যসব অপরাধের যোগসূত্র রয়েছে। এ অবস্থায় সুন্দর, সহনশীল ও নিরাপদ ভৈরব পাওয়ার স্বার্থে রাজনৈতিক নেতা থেকে শুরু করে সমাজপতিরা তদবির ‘না’ করার ঘোষণা দেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে এ অঙ্গীকার পেয়ে ওসি ঘোষণা দেন, আগামী কিছু দিনের মধ্যে ভৈরব হবে মাদক, ছিনতাইসহ অপরাধমুক্ত একটি জনপদ।
বক্তব্য দেন ভৈরব পৌরসভার মেয়র মো. শাহিন. প্যানেল মেয়র আরিফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সায়দুল্লাহ মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন ভৈরব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মনসুর।