'তদবিরই এখন উপাচার্য নিয়োগের মাপকাঠি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ইউজিসি অধ্যাপক মইনুল ইসলাম বলেছেন, পাণ্ডিত্য আর মেধার জোরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য হওয়া যায় না। এ জন্য তদবির লাগে। এখন উপাচার্য নিয়োগের মাপকাঠি হয়ে গেছে কে কত তদবির করতে পারেন, কে কতবার মন্ত্রীর বাসায় যেতে পারেন এবং প্রধানমন্ত্রীর কাছে যেতে পারেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীনের সম্মানে রচিত গবেষণাগ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন অধ্যাপক মইনুল ইসলাম। গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ হিস্ট্রি, পলিটিক্স, ইকোনমি, সোসাইটি অ্যান্ড কালচার: অ্যাসেস ইন অনার অব প্রফেসর আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন শীর্ষক গবেষণাগ্রন্থটি সম্পাদনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মাহমুদুল হক। এই বইয়ে দেশ ও বিদেশের ৩০ জন গবেষকের ৩০টি প্রবন্ধ রয়েছে।
গবেষণাগ্রন্থ নিয়ে আলোচনা করার সময় মইনুল ইসলাম বলেন, দেশের গণতন্ত্র এখন গভীর সংকটে রয়েছে। এই সংকট সহজে কাটবে না। তত্ত্বাবধায়ক সরকারও আর আসবে না। গণতন্ত্রের নামে এখন প্রহসন ও জালিয়াতি চলছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালোটাকা ও পেশিশক্তির দাপট চলছে। ক্ষমতাসীন দল ও জোটের এই দাপট থেকে রাজনীতি সহজে মুক্তি পাবে না।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনীতির কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এখন লাঠিয়াল পালনের কারখানা হিসেবে ব্যবহৃত হচ্ছে। দুঃখজনকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও লেজুড়বৃত্তির রাজনীতিতে নিমগ্ন হয়ে আছেন। রাজনীতি বিশ্ববিদ্যালয়গুলোকে প্রায় গ্রাস করে ফেলেছে।
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রবীণ অর্থনীতিবিদ মুহাম্মদ সিকান্দর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ জে এম নুরুদ্দীন চৌধুরী ও আনোয়ারুল আজিম আরিফ, মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলাউদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার, চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহফুজুল হক চৌধুরী, কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবুল কাশেম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজের ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক এ এস এম ফজলুল করিম, আসমা সিরাজুদ্দীন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহিদুর রহমান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন বলেন, ‘আমি বার অ্যাট ল করলেও আইন পেশায় না গিয়ে শিক্ষকতায় চলে এসেছি। আজকে আমাকে যে সম্মান দেওয়া হয়েছে, একজন শিক্ষক-গবেষকের পক্ষে এর চেয়ে বেশি কিছু আর পাওয়ার নেই। আমি সকলের কাছে কৃতজ্ঞ।’
অনুষ্ঠানে গবেষণাগ্রন্থের ওপর আলোচনায় অংশ নিয়ে কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘আমরা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারছি না। প্রতিষ্ঠানগুলো সমাজের কাছে বিশেষ অবদান রাখতে পারছে না। সমাজে রাজনীতি অনেক বেশি জায়গা দখল করে ফেলেছে। প্রকৃত গবেষণা ও জ্ঞান থেকে সমাজ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এখন রাজনৈতিক মহল থেকে গবেষণা সম্পর্কে উপহাস করা হয়। গবেষণা খাতে এখনো কম বরাদ্দ দেওয়া হয়।’ তিনি বলেন, ‘আমরা জ্ঞানভিত্তিক সমাজের কথা বলি। কিন্তু জানি না এটি কীভাবে হবে।’
অনুষ্ঠানে অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীনের জীবনী পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী চৌধুরী।