‘তদবিরের জন্য ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হয় না’
স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেছেন, ‘ইউনিয়ন পর্যায়ে আমরা আরও ডাক্তার দিতে পারলে কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা আরও বাড়ানো যাবে। আমরা ডাক্তার যখন দিতে যাই, তখন সব তরফ থেকেই তদবির আসে। এ তদবির অনেক সময় এড়ানো যায় না। আর তাঁদের চাকরি হওয়ার পরই শুরু হয় বদলির তদবির। এত তদবিরের জন্য ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হয় না।গাজীপুর সদর উপজেলার মেঘডুবি কমিউনিটি ক্লিনিক গতকাল বৃহস্পতিবার দুপুরে পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী এসব কথা বলেন। এ সময় গাজীপুরের জেলা প্রশাসক কামাল উদ্দিন তালুকদার, গাজীপুরের সিভিল সার্জন সৈয়দ হাবিব উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী হায়দার খান, আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উপদেষ্টা আরও বলেন, সবাই মনে করে, কমিউনিটি ক্লিনিক সরকারি প্রতিষ্ঠান। কিন্তু কমিউনিটি ক্লিনিক হলো কমিউনিটি গ্রুপের, তারাই এর মালিক।