‘তবু দোয়া রইল প্রধানমন্ত্রী যেন সুখে থাকেন’
অবশেষে বিনা চিকিৎসায় মারা গেলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার সেই অসুস্থ মুক্তিযোদ্ধা আবু তাহের (৫৬)। গত শনিবার রাত ১০টার দিকে উপজেলার শ্যামপুর সুগার মিল কলোনির একটি ভাড়া বাসায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।দীর্ঘদিন ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। মারা যাওয়ার কয়েকদিন আগে (১৪ ডিসেম্বর) ওই মুক্তিযোদ্ধা আবু তাহের প্রথম আলোকে বলেছিলেন, ‘আমার কোনো দুঃখ নেই। আমি বিনা চিকিৎসায় মরে যাচ্ছি; মরে গেলেই রক্ষা পাই। চিকিৎসায় সাহায্যের জন্য দেড় মাস আগে প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন করলাম, সাড়া পেলাম না। তবু দোয়া রইল প্রধানমন্ত্রী যেন সুখে থাকেন, শান্তিতে থাকেন।’ গতকাল রোববার জোহরের নামাজের পর শ্যামপুর কলোনি এলাকায় তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। ২২ ডিসেম্বর প্রথম আলোয় ‘অর্থাভাবে চিকিৎসা পাচ্ছেন না মুক্তিযোদ্ধা তাহের’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।