বাংলাদেশ আওয়ামী লীগের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় বক্তারা বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বেই দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পেরিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তরুণ প্রজন্ম আওয়ামী লীগের নেতৃত্বেই অর্থনৈতিক মুক্তি আনতে পারে। গতকাল শনিবার বিকেলে নগরের মুসলিম ইনস্টিটিউটে এই আলোচনা সভা হয়। নগর আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম বেলায়েত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজবিজ্ঞানী অনুপম সেন। তিনি বলেন, ‘সব জাতির ইতিহাসেই একজন অবিসংবাদিত নেতা থাকেন। বাংলাদেশের ইতিহাসে সেই নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’ অর্থনৈতিক মুক্তির সংগ্রামে দেশের তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, আওয়ামী লীগের নেতা সুনীল সরকার, বদিউল আলম প্রমুখ।