‘তরুণদের চেতনার আন্দোলন’
‘রাজনৈতিক দল কিংবা রাজনীতিবিদদের প্রতি আমাদের আর কোনো বিশ্বাস নেই। তাই নিজেরাই পথে নেমেছি, বিপ্লব আর আন্দোলন ছাড়া দাবি আদায় সম্ভব নয়। আমাদের একটাই দাবি—কাদের মোল্লাসহ অভিযুক্ত সব মানবতাবিরোধী অপরাধীকে ফাঁসি দিতে হবে।’ কথাগুলো সিলেট নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আন্দোলনরত শিক্ষার্থী মোশতাক আহমেদের।গত বুধবার থেকে কাদের মোল্লাসহ মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে সিলেটে আন্দোলন চলে আসছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও ব্লগে বিভিন্ন প্রচারণার মাধ্যমে তরুণেরা এ আন্দোলন শুরু করেছেন। এখন এই আন্দোলন ছড়িয়ে পড়েছে জেলার প্রায় সবকটি উপজেলায়। প্রত্যেকের একটাই দাবি, ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই।’ গতকাল বৃহস্পতিবার নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানে এই দাবিতে নানা কর্মসূচি পালিত হয়েছে। এ সময় কথা হয় অর্ধশতাধিক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে। তরুণ সংস্কৃতিকর্মী দেবাশীষ বলেন, ‘আমাদের স্পষ্ট কথা, কাদের মোল্লাসহ অন্যান্য যুদ্ধাপরাধীদের ফাঁসি। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। যুদ্ধাপরাধীদের বাঁচাতে কোনো ধরনের আঁতাত কিংবা রাজনৈতিক হিসাবনিকাশ মেলালে চলবে না। তরুণ প্রজন্ম রক্ত দিয়ে হলেও স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করবে।’মুক্তিযুদ্ধের চেতনায় সারা দেশসহ সিলেটে তরুণদের আন্দোলনকে ‘তারুণ্যের দৃপ্ত চেতনা’ আখ্যায়িত করে সিলেটের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি শুভেন্দু ইমাম বলেন, তরুণদের আন্দোলন সবখানে ছড়িয়ে পড়েছে। বর্তমান রাজনীতিবিদেরা তরুণদের এ জাগরণ বুঝতে না পারলে দেশের জন্য অমঙ্গল বয়ে আনবে। কারণ, তরুণদের এই আন্দোলন চেতনার আন্দোলন। সেনপাড়া এলাকার বাসিন্দা দেবাশীষ কুমার সরকার বলেন, ‘তরুণদের প্রতিবাদ এখন গণজাগরণে রূপ নিয়েছে। এ দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তরুণেরা নেতৃত্ব দিয়েছে। এবারও ব্যতিক্রম নয়। সারা দেশের মতো সিলেটেও এ আন্দোলন ক্রমে তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা তরুণেরা একচুল পরিমাণও নড়ব না।’ব্লগার সহিদুজ্জামান বলেন, ‘কাদের মোল্লাকে যে লঘুদণ্ড দেওয়া হয়েছে, সেটি আমরা মানি না। আমরা ওই চিহ্নিত রাজাকারের সর্বোচ্চ শাস্তি চাই। ফেসবুক এবং ব্লগে আমরা এ নিয়ে অনবরত সোচ্চার হচ্ছি, জনমত গড়ে তুলছি। মুষ্টিমেয় কিছু মানুষ ছাড়া দেশের আপামর জনতা যুদ্ধাপরাধীদের ফাঁসি চায়।’