'তরুণদের বিজ্ঞানমনস্ক হতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ে পা রাখতেই চোখে পড়ে পঞ্চকবির ছবি। পাশেই হারমোনিয়াম, তবলা, বাঁশি, সেতার, একতারাসহ নানা বাদ্যযন্ত্রে সাজানো ছোট একটি বেদি। একটু এগোলেই মূল বেদি; ফুলে সাজানো সে বেদিতে বসে ছোট ছোট ছেলেমেয়ে পরিবেশন করছে পঞ্চকবির গান ও কবিতা।
চিত্রটি সানিডেইল স্কুল প্রাঙ্গণের। গতকাল বৃহস্পতিবার ‘বাংলার পঞ্চকবি’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সানিডেইল মিডল সেকশন-২।
স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠান উপভোগ করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, জিয়াউদ্দিন তারিক আলী ও মফিদুল হক।
সারওয়ার আলী বলেন, ‘বাংলাদেশে ধারাবাহিকভাবে যে উন্নতি হচ্ছে; তার চালক তরুণসমাজ। নতুন প্রজন্মকে নিয়ে আমরা খুব আশাবাদী। মানবিক সমাজ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
জিয়াউদ্দিন তারিক আলী বলেন, ‘আগে আমাদের সমাজ ছিল বিশ্লেষণবাদী। অর্থাৎ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই মিলেমিশে বাস করত। সে সমাজ তরুণদেরই ফিরিয়ে আনতে হবে। সে জন্য তাদের যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক হতে হবে।’
অনুষ্ঠানে পঞ্চকবি রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুলপ্রসাদ সেন ও কাজী নজরুল ইসলামের কয়েকটি গান ও কবিতা পরিবেশন করা হয়। অনুষ্ঠানটির শুরু হয় কি–বোর্ডে ‘মঙ্গলদ্বীপ জ্বেলে’ গানটির মধ্য দিয়ে, সঙ্গে প্রদীপ প্রজ্বালন।
এরপর গাওয়া হয় তোমার আনন্দ ওই এল দ্বারে, মলয় বাতাসে ভেসে যাব, বেলা বয়ে যায়, জাগাও পথিককে, ওরে বন তোর বিজনে, একি অপরূপ রূপে মা তোমায়সহ কয়েকটি গান।
ছিল সমবেত সংগীত ও নাচের মনোমুগ্ধকর আয়োজন। আর রবি বাবুর জুতা আবিষ্কার নাটকটি স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষকদেরও আনন্দের খোরাক জোগায়।
মফিদুল হক বলেন, ‘আমরা স্কুলজীবনে পঞ্চকবির গান শুনিনি। অথচ একুশ শতকের ছোট ছোট বাচ্চাদের পরিবেশনায় প্রাণে নতুন ছোঁয়া লেগে গেল।’
অনুষ্ঠানে জানানো হয়, বিদ্যালয়টি পড়াশোনার পাশাপাশি সারা বছর ধরে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ ধরনের অনুষ্ঠানের উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা যেন দেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারে।