'তরুণেরাই স্বপ্নের বাংলাদেশ'
অনুষ্ঠান শুরু হওয়ার কথা বিকেল সাড়ে চারটায়। এর আগেই লোকারণ্য চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ। বেশির ভাগই তরুণ। তাঁরা এসেছেন কনফিডেন্স সিমেন্ট-প্রথম আলো তারুণ্য উৎসবে যোগ দিতে। বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরোটা সময় মুহুর্মুহু করতালি আর হর্ষধ্বনি দিয়ে সমর্থন জুগিয়েছেন তাঁরা। এ রকম প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে গতকাল শুক্রবার শেষ হয়েছে তিন দিনের তারুণ্য উৎসব।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাংসদ ওয়াসিকা আয়েশা খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) উপাচার্য প্রভাত চন্দ্র বড়ুয়া ও কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের নির্বাহী পরিচালক জহির উদ্দিন আহমেদ।
সাংসদ ওয়াসিকা আয়েশা খান বলেন, ‘এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তরুণেরাই আমাদের ভবিষ্যৎ। এখান থেকেই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব উঠে আসবে।’ তিনি বলেন, নিয়মিত সংস্কৃতিচর্চার ফলে ধর্মান্ধতা, কূপমণ্ডূকতা দূর হয়। আজকের তরুণেরাই দেশকে উন্নতির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন।
এ ধরনের সুস্থ প্রতিযোগিতা শিক্ষার্থীদের দলগত মনোভাবকে দৃঢ় করে বলে জানান প্রভাত চন্দ্র বড়ুয়া। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি যারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক চর্চা ও বিতর্ক চর্চার সঙ্গে জড়িত হন, তাঁরা জীবনে অনেক উন্নতি করতে পারেন।
জহির উদ্দিন আহমেদ বলেন, তরুণেরাই স্বপ্নের বাংলাদেশ। তাঁরাই এ দেশের স্বপ্ন পূরণ করবেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক চর্চা প্রায় বন্ধ হয়ে গেছে। অথচ তরুণদের মধ্যে নানা ধরনের প্রতিভা সুপ্ত আছে। একটু প্রেরণা পেলে সে প্রতিভা প্রস্ফুটিত হয়। তরুণদের পাশে প্রথম আলো সব সময় থাকবে।
বিতর্ক বিভাগে বিদ্যালয় পর্যায়ে এবার শ্রেষ্ঠ হয়েছে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল। রানারআপ হয়েছে সিলভার বেলস গার্লস হাইস্কুল। বিদ্যালয় পর্যায়ে বিতর্কের বিষয় ছিল ‘তথ্যপ্রযুক্তির বিস্তার: নবীন-প্রবীণ দ্বন্দ্ব প্রকট করে তুলেছে’। বিদ্যালয় পর্যায়ে সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী ইসমামুল হক।
কলেজ পর্যায়ের বিতর্কে জয়ী হয়েছে বাংলাদেশ নৌবাহিনী কলেজ। রানারআপ হয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। বিতর্কের বিষয় ছিল, ‘আগামী বিশ্ব এশিয়ার’। কলেজ পর্যায়ে সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থী আমিনুল ইসলাম।
প্রথমবারের মতো অনুষ্ঠিত আন্তবিদ্যালয় আইডিয়া জেনারেশন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজ। দ্বিতীয় হয়েছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এবং তৃতীয় হয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ।
আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম তিনটি স্থান দখল করেছে পর্যায়ক্রমে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও চিটাগাং বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি।
বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিচারক ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় বিশ্বাস, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিনহাজ হোসেন, সাংবাদিক আশরাফ উল্লাহ, চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মেহেরুন নেসা ও চুয়েট ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি শেখ এহসান উদ্দিন।
সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিচারক ছিলেন ব্যান্ড দল সোলসের প্রতিষ্ঠাতা সদস্য সুব্রত বড়ুয়া, রবীন্দ্রসংগীতশিল্পী শ্রেয়সী রায়, আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, রাশেদ হাসান, নাট্যব্যক্তিত্ব আকবর রেজা ও সাবিরা সুলতানা।