‘তাঁকে স্বীকৃতি দেওয়া উচিত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের শেষ দিকে পাকিস্তানি বাহিনীর নির্যাতনের শিকার হন মমতাজ বেগম। এতে তখন তাঁর পেটের সন্তান নষ্ট হয়। আর তিনি হারান স্বাভাবিক উপায়ে প্রাকৃতিক কর্ম করার ক্ষমতা। পাঁচবার অস্ত্রোপচার করা হয়েছে। স্বামীর সহায়-সম্বল সব গেছে। তাঁর অবদানের স্বীকৃতিটুকুও পাননি তিনি।’৭১-এ মহান মুক্তিযুদ্ধে অনেক শিশু, তরুণ-তরুণী, নারী-পুরুষ বুকের তাজা রক্ত দিয়ে যুদ্ধ করেছেন। অনেকে নানাভাবে সহযোগিতা করেছেন মুক্তিযোদ্ধাদের। আর পাকিস্তানি বাহিনীর নির্যাতনের শিকার হয়েছেন অসংখ্য নারী-শিশু। তাঁদের একজন জীবন্ত প্রমাণ মমতাজ বেগম। প্রতিবছর বিজয়ের মাসে গর্বে ভরে যায় মন। ৪০টি বিজয় দিবস পেরিয়ে আজও বেঁচে থাকার স্বপ্ন নিয়ে নিত্য যুদ্ধ করে যাচ্ছেন মমতাজ বেগম।মমতাজ চান একটা মুক্তিযুদ্ধের কার্ড আর মাথা গোঁজার জন্য একটা ছোট্ট ঘর। তাঁর বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার লতিফপুর গ্রামে। স্বামী রমিজ উদ্দিন মোড়লকে (৭১) নিয়ে থাকেন অন্যের বাড়িতে। গ্রামের বাসিন্দাদের বিবরণ অনুযায়ী, ১৯৭১ সালের শেষ দিকের ঘটনা। তখন মমতাজের বয়স ২১ বছরের মতো হবে। তিনি ছিলেন আট মাসের অন্তঃসত্ত্বা। একদিন সকালে স্থানীয় রাজাকারেরা গ্রামে হানাদার বাহিনী নিয়ে আসে। একে একে ১৮ জন নারীকে ধরে আনা হয়। গ্রামের একটি আখখেতে নিয়ে মমতাজের ওপর পাশবিক নির্যাতন চালায় কমপক্ষে ১২ জন সেনা। সেনারা গ্রাম ছেড়ে গেলে মুমূর্ষু অবস্থায় গ্রামবাসী তাঁকে উদ্ধার করে। ওই দিনই তিনি মৃত একটি ছেলে সন্তানের জন্ম করেন।স্বাধীনতার পর মমতাজের তলপেটে পাঁচবার অস্ত্রোপচার করা হয়। প্রাকৃতিক কাজের জন্য তাঁর পেট ফুটো করে বিকল্প ব্যবস্থা করা হয়। এভাবেই চলছেন তিনি।মমতাজ প্রথম আলোকে বলেন, ‘আমার কোনো ঘর নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আমারে একটা ঘর দিবেন না? মুক্তিযোদ্ধার একটা কাডের লাইগ্যা কতহানে ঘুরছি কেউ দিল না। সরকার কি একটা কার্ড দিব না?’একই গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম (৭০) বলেন, ‘মমতাজকে রাজাকারেরা পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দেয়। ওই সময় আমরা প্রতিবাদ করলে রাজাকারেরা আমাদের গুলি করার হুমকি দেয়। তাঁকে আমরা তখন রক্ষা করতে পারিনি। এই লজ্জা এখনো আমাদের তাড়া করে।’উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিরাজুল হক বলেন, মমতাজ বেগম সত্যিকারের একজন বীরাঙ্গনা। সরকারের উচিত তাঁকে মর্যাদা দেওয়া। সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা দেওয়া। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাঁকে স্বীকৃতি দেওয়া উচিত।