‘তাঁদের বৈধতা দিতে প্রধানমন্ত্রী এক এগারোর দিনে ভাষণ দিয়েছেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এক-এগারোর দিনে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী মইনুদ্দীন-ফখরুদ্দীনকে বৈধতা দিয়েছেন’ বলে মন্তব্য করেছেন বিএনপির সমন্বয়ক ও মুখপাত্র তরিকুল ইসলাম।গতকাল শনিবার রাজধানীতে এক সেমিনারে তরিকুল ইসলাম বলেন, ‘এ দিনটিকে আমরা ঘৃণার সঙ্গে পালন করছি। অথচ আওয়ামী লীগ কোনো কর্মসূচি দেয়নি। বরং তাঁদের বৈধতা দিতে এই দিনে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী।’জাতীয় প্রেসক্লাবে ‘বর্তমান রাজনৈতিক সংকট ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে বিএনপিপন্থী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। সেমিনারের বিষয়বস্তুর ওপর প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ ন ম মুনির আহমদ চৌধুরী। বিএনপির মুখপাত্র তরিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রী ভাষণে ক্ষমতার ধারাবাহিকতার কথা বলছেন, উন্নয়নের ফুলঝুড়ি দিয়েছেন। দেশের জন্য যদি এত ভালো কাজ করেন, তাহলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে আপনার ভয় কেন?’ ইউট্যাবের সভাপতি আ ফ ম ইউসুফ হায়দার সেমিনারে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা। আরও উপস্থিত ছিলেন: খন্দকার মোস্তাহিদুর রহমান, আখতার হোসেন খান, রইছ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মামুন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শরিফ উদ্দিন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. মিজানুর রহমান প্রমুখ।