'তাঁদের মুত্যু ভয়ের নয়, সচেতনতার'
সিলেট বিভাগের চার জেলায় এইচআইভি-এইডস আক্রান্ত রোগীর সংখ্যা ৭৪৯। এর মধ্যে গত বছরের মে থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত মারা গেছে ৪১ জন। তাদের মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী আটজন। এই ৪১ জনকে স্মরণ করে আন্তর্জাতিক এইডস ক্যান্ডেল লাইট মেমোরিয়াল ডে পালন করেছে আশার আলো সোসাইটি।
গত মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন করে স্মরণ করা হয় ৪১ জনকে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ‘এইচআইভি-এইডস সেন্টার’-এর সম্মেলনকক্ষে এ স্মরণ অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকসহ এইআইভি-এইডস নিয়ে কর্মরত বেসরকারি সংস্থার কর্মকর্তারা বক্তব্য দেন।
সভার শুরুতে আশার আলো সোসাইটির সিলেট বিভাগীয় সমন্বয়কারী মো. সুমন মিয়া এক বছরের পরিসংখ্যান তুলে ধরে বলেন, ‘তাঁদের মৃত্যু ভয়ের নয়, সচেতনতার।’ তিনি বলেন, সরকারি সহায়তায় পিএমটিসিটি প্রকল্পের মাধ্যমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এইচআইভি-এইডস সেন্টারে আক্রান্ত মা ও বাবার ২৮ জন নিরাপদ সন্তান জন্ম দেওয়ার বিষয়টি একটা বড় সাফল্য।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. আবদুস ছবুর মিঞার সভাপতিত্বে সভায় হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান মো. মনোজ্জির আলী, চর্ম ও যৌন বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ মামুন মুহাম্মদ আলী আহাদ, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক আবদুস সামাদ আজাদ ও সহকারী অধ্যাপক কাজী জানে আলম, গাইনি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট খুরশীদা তাসমিন, মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু নাঈম মোহাম্মদ, পিএমটিসিটি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোতাহের হোসেন এবং সেবা তত্ত্বাবধায়ক তুলসী রানী দে বক্তব্য দেন।
বিশেষজ্ঞরা তাঁদের বক্তৃতায় সামাজিক দৃষ্টিভঙ্গি বদলানোয় এখন আক্রান্ত রোগীদের ক্ষমতায়নের প্রয়োজনের ওপর জোর দেন। তাঁরা বলেন, আক্রান্ত রোগীদের ক্ষমতায়ন নিশ্চিত হলে তাঁদের সামাজিক অবহেলা ও বঞ্চনার প্রবণতাও কমে আসবে।
সভায় এইচআইভি-এইডসে আক্রান্ত ব্যক্তিরাও বক্তব্য দেন। তাঁরা সামাজিক বঞ্চনার বিষয়টি ধীরে ধীরে কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করেন।