‘তাঁদের’ কাছে টিকিট মেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে যাওয়ার টিকিট পাচ্ছিলেন না এক গৃহবধূ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও কাজ হয়নি। ঈদের দুই দিন আগে চট্টগ্রাম যাওয়া চাই তাঁর। একপর্যায়ে রেলওয়ের দুই নিরাপত্তাকর্মীর দ্বারস্থ হলেন। এতেই ভাগ্য খুলে তাঁর। যথাসময়ের টিকিটই মিলল তাঁদের কাছে। অতিরিক্ত টাকায় চারটি টিকিট নিয়ে নিলেন তিনি।কীভাবে টিকিট পেলেন—এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি ওই গৃহবধূ। রেলওয়ের নিরাপত্তাকর্মীরাও সটকে পড়লেন দ্রুত। সিলেট রেলস্টেশনের ঘটনা এটি। গতকাল শনিবার দুপুরে এভাবেই কালোবাজারে টিকিট বেচাকেনা করতে দেখা যায়। নিরাপত্তাকর্মীদের কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগ অস্বীকার করে সিলেট রেলওয়ের স্টেশনমাস্টার মুহিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘রেলওয়ে কর্তৃপক্ষ অথবা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কেউ কালোবাজারে টিকিট বিক্রির সঙ্গে জড়িত নন। আমাদের হাতে পর্যাপ্ত টিকিট আছে, যে কেউ স্টেশনে দাঁড়িয়ে টিকিট নিতে পারেন।’ তবে টিকিট কিনতে আসা একাধিক ব্যক্তি অভিযোগ করেন, কাউন্টারে টিকিট না পেলেও কালোবাজারে ঠিকই টিকিট পাওয়া যায়। রেলওয়ের নিরাপত্তাকর্মী ও রেলওয়ে পুলিশের (জিআরপি) সদস্যরা এ কাজের সঙ্গে জড়িত। অতিরিক্ত টাকা দিলেই তাঁরা টিকিট দেন। শাহীন আহমদ নামের এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, কাউন্টার থেকে জানানো হয়েছে, ৭, ৮ ও ৯ সেপ্টেম্বরের টিকিট শেষ হয়ে গেছে। কিন্তু কালোবাজারে চট্টগ্রামগামী উদয়ন ও পাহাড়িকার টিকিট ঠিকই পাওয়া যাচ্ছে। রেলস্টেশনের বাইরে ও প্লাটফর্মে গতকাল প্রায় তিন ঘণ্টা অবস্থান করে দেখা গেছে, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও টিকিট না পেয়ে লোকজন হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তাঁদের অনেকে বাধ্য হয়ে নিরাপত্তাকর্মী ও পুলিশ সদস্যদের কাছ থেকে অতিরিক্ত টাকায় টিকিট নিয়েছেন। কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগ অস্বীকার করে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদউদ্দিন বলেন, ‘পুলিশ অথবা নিরাপত্তাকর্মীদের কেউই কালোবাজারে টিকিট বিক্রির সঙ্গে জড়িত নয়। এ অভিযোগ মিথ্যা। যেখানে পর্যাপ্ত পরিমাণে আসন আছে, সেখানে কালোবাজারে টিকিট বিক্রির প্রশ্নই ওঠে না।’ সিলেট রেলওয়ে সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি ট্রেনের জন্য প্রতিদিন আসন রয়েছে দুই হাজার ৮৮৬টি। গত ৩১ আগস্ট থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। গতকাল দুপুর পর্যন্ত ৫ সেপ্টেম্বরের জন্য এক হাজার ৩২৯, ৬ সেপ্টেম্বরের জন্য এক হাজার ৮৬৬, ৭ সেপ্টেম্বরের জন্য দুই হাজার ১৮৪ ও ৮ সেপ্টেম্বরের জন্য দুই হাজার ৩৫৩টি টিকিট বিক্রি হয়েছে।রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে সিলেট রেলওয়ে স্টেশনের নিরাপত্তায় ১০ জন জিআরপি পুলিশ ও ১০ জন রেলওয়ে নিরাপত্তাকর্মীর সঙ্গে ১৫ জন বিডিআর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র‌্যাবের একটি বিশেষ দল নিয়মিত টহল দিচ্ছে।