‘তাঁর নামটি প্রতিদিন যেন ডাকা হয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তোমাদের কাছে একটি দাবি, আমার হূদয় তো বেঁচে নেই। বিদ্যালয়ের খাতায় তো তার নাম রয়েছে। তোমাদের স্যারদের বোলো, তার নামটি প্রতিদিন যেন রোল কল করার সময় ডাকা হয়। তাহলেই মনে করব, আমার হূদয় বেঁচে আছে।’ খাগড়াছড়ির দীঘিনালায় হত্যাকাণ্ডের শিকার স্কুলছাত্র নূরুল আমিন হূদয়ের (১৪) শ্রেণী-বন্ধুরা হূদয়ের বাড়িতে গেলেই তাদের জড়িয়ে ধরে এভাবেই আকুতি জানান মা আনোয়ারা বেগম।৭ মার্চ অনাথ আশ্রম উচ্চবিদ্যালয়ে গিয়ে সপ্তম শ্রেণীর ছাত্র রবিউল বশর ও হাওয়া আক্তারের কাছে নূরুল আমিন হূদয়ের কথা জিজ্ঞেস করতেই তারা কেঁদে ফেলে। তারা বলে, হূদয় ছিল শান্ত প্রকৃতির। ক্লাসে কারও সঙ্গে তার কোনো দিন ঝগড়া ও মনোমালিন্য হয়নি।জেসমিন আক্তার বলে, ‘হূদয়ের মা দাবি করছেন বিদ্যালয়ের রোল খাতায় প্রতিদিন নাম ডাকতে। আমরা স্যারদের বলেছি এবং আমাদের সহপাঠীদেরও দাবি, হূদয় নামটি যেন হাজিরা খাতা থেকে মুছে ফেলা না হয়।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, ‘হাজিরা খাতা অনুযায়ী হূদয় সর্বশেষ বিদ্যালয়ে এসেছিল ১৪ ফেব্রুয়ারি। হূদয়ের মা আনোয়ারা বেগমের অনুরোধে তার নামটি রোল কল করা হচ্ছে। আমরা হূদয় হত্যাকারীদের ফাঁসির দাবি জানাই।’ গত ২৫ ফেব্রুয়ারি উপজেলার অনাথ আশ্রম আবাসিক উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র নূরুল আমিন হূদয়কে খাগড়াছড়ি বইমেলা দেখানোর প্রলোভন দেখিয়ে নিয়ে অপহরণ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এলাকাবাসী বেতছড়ি এলাকা থেকে আকতার হোসেন (২৪), শফিকুল ইসলাম সইফ্যা (২৭), আমজাদ হোসেন (২৬), আরিফ হোসেন (২৬), আসাদুল ইসলাম (২১) ও নূরুল আলম (১৮) নামের ছয় যুবককে পুলিশে সোপর্দ করে। তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ ২৮ ফেব্রুয়ারি জেলার মহালছড়ি উপজেলার মবাছড়ি ইউনিয়নের বাগমারা থেকে হূদয়ের লাশ উদ্ধার করে।