
‘প্রগতিশীল চিন্তা-চেতনায় গড়া হয়েছিল সংগঠনটি। দেশের প্রাচীন এ সংগঠনকে চিহ্নিত একটি গোষ্ঠী সংগঠন ও প্রতিষ্ঠানকে করায়ত্ত করে ধর্মীয় সংগঠনে রূপ দেওয়ার চেষ্টায় ছিল। আমরা মুক্ত মনের একজন লেখক ও শিক্ষাবিদকে এর দায়িত্ব দিয়েছি। তাঁর নেতৃত্বেই ক্রান্তিকাল অতিক্রম করবে কেমুসাস। তিনিই সংগঠন প্রতিষ্ঠার সেই চিন্তা-চেতনার ধারক হবেন বলে আমরা সবাই আশাবাদী।’
লেখক-ভাষাসৈনিক ও শিক্ষাবিদ আবদুল আজিজ সিলেটের প্রাচীন সংগঠন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) সভাপতি পদে মনোনীত হওয়ায় এভাবেই প্রতিক্রিয়া জানান একজন আজীবন সদস্য।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় কেমুসাসের শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত ৭৮তম বার্ষিক সাধারণ সভায় আজীবন সদস্যদের সম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। রাত নয়টায় অধ্যাপক আবদুল আজিজের নেতৃত্বে ২৩ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়।
কেমুসাসের সদস্য ও স্থানীয়রা জানান, ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত কেমুসাসের কার্যালয় নগরের কেন্দ্রস্থল দরগাগেট এলাকায়। গত বছরের ২৭ ডিসেম্বর নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ভোট গ্রহণের সময় হামলা, ভাঙচুর ও ব্যালেট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ভোটগ্রহণ স্থগিত করা হয়। কেমুসাসের কার্যনির্বাহী কমিটিতে প্রভাব বিস্তার করতে মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি পক্ষ হামলা করে বলে অভিযোগ ওঠে।
কেমুসাস সূত্র জানায়, এ ঘটনার পর সংগঠনটিকে দলাদলিমুক্ত রাখতে আজীবন সদস্যরা নির্বাচন প্রক্রিয়ার বদলে সমঝোতার ভিত্তিতে কার্যনির্বাহী কমিটি গঠনে সম্মত হন। গত বৃহস্পতিবার রাতে সর্ব সম্মতিক্রমে আনুষ্ঠানিকভাবে এই কার্যনির্বাহী কমিটি ঘোষণা হয়। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কোষাধ্যক্ষ আবদুল আজিজ সিলেটে একজন শিক্ষাবিদ ও লেখক হিসেবে পরিচিত।
নতুন কমিটি ঘোষণার পর বিদায়ী সভাপতি হারুনুজ্জামান চৌধুরী বলেন, ‘সংসদের সদস্য সংখ্যা বেড়েছে। সমস্যা বাড়বেই। তবে কোনো সমস্যা যেন আমাদের ইতিহাস-ঐতিহ্যে আঘাত না করে সেদিকে আমাদের লক্ষ রাখতে হবে।’