'তাঁর সমাজসচেতনতা কেবল লেখার মধ্যেই সীমাবদ্ধ নয়'
বাংলা সাহিত্যের অন্যতম লেখক অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের ৮০তম জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘রাষ্ট্র সমাজ সংস্কৃতি’ নামে একটি গ্রন্থ প্রকাশ করা হয়েছে।
আজ শনিবার বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। বইটি সম্পাদনা করেন অনুপম সেন ও মুনতাসীর মামুন।
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তিনি এখন কানাডায় তাঁর ছেলের কাছে অবস্থান করছেন।
বাংলা একাডেমির চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের দীর্ঘায়ু কামনা করে বলেন, ‘তাঁর সমাজসচেতনতা কেবল লেখালেখির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তাঁর রাজনৈতিক সক্রিয়তাও ছিল। ’৭১ সালে অসহযোগ আন্দোলনের সময় তিনি বাংলাদেশের রূপরেখা বলে একটি বই প্রকাশ করেছিলেন।’ তিনি বলেন, ‘বোরহান আমাদের সমাজ, সাহিত্য ও বিদ্যাজগৎকে যা দিয়েছেন, তার জন্য তাঁকে অভিনন্দন।’
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের অনুজ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘ভাই হিসেবে, শিক্ষক হিসেবে তিনি আমাকে বুঝতে শিখিয়েছেন। তাঁকে কখনো শ্রদ্ধা জানানোর সুযোগ পাইনি। আজ তাঁর ৮০তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছি।’ তিনি বলেন, রবীন্দ্রভারতীর মতো করে আমাদের গ্রামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যায় কি না, তা আমাকে বলেছিলেন বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। আমরা তাঁর স্বপ্ন অনুযায়ী গ্রামে একটি বিশ্ববিদ্যালয় বা একটি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠার চেষ্টা করছি।’
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন বলেন, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের লেখার ঐশ্বর্য অনেক। তিনি এক পৃষ্ঠা লেখার ভাব মাত্র এক-দুই লাইনে প্রকাশ করতে পারেন। তিনি সারা জীবন মানুষের মুক্তির কথা বলেছেন।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের চিন্তা বাংলাদেশে সক্রিয় থাকুক। তাঁর অনুসারী আরও গড়ে উঠুক।’
শিল্পী হাশেম খান বলেন, ‘বাংলাদেশে আধুনিক শিল্পকলা নিয়ে বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরই প্রথম বই লেখেন।’
সাংবাদিক ও গবেষক শাহরিয়ার কবির বলেন, ‘বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের লেখা আমাদের পথ দেখিয়েছে, আলোকিত করেছে।’
অনুষ্ঠান উপস্থাপনা করেন অধ্যাপক মুনতাসীর মামুন।