'তাঁর স্মৃতি বিস্মৃত হওয়ার নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর মরদেহ গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ l ছবি: প্রথম আলো
শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর মরদেহ গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ l ছবি: প্রথম আলো

কারও কাছে জ্বলজ্বলে বাতি, কারও কাছে বাতিঘর। কেউ বলছেন জাতির শিক্ষক, কেউ বলছেন অভিভাবক। কারও কাছে চির তরুণ, কারও কাছে তরুণদের অনুপ্রেরণার উৎস। এমন আরও অনেক বিশেষণে ভূষিত করা হয়েছে দেশবরেণ্য শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকীকে।
প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনে জাতির পাশে থাকা, সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নেওয়া জিল্লুর রহমান সিদ্দিকী চিরনিদ্রায় শায়িত হলেন গতকাল বৃহস্পতিবার বিকেলে। বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। দাফনের আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্যকে শ্রদ্ধা জানাতে বর্তমান উপাচার্য ফারজানা ইসলাম, বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্র ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত হন। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও বাদ আসর গুলশান আজাদ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে জিল্লুর রহমান সিদ্দিকীকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন হাজারো মানুষ। বুদ্ধিজীবী, শিক্ষক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা যেমন ছিলেন, তেমনি সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও ছিলেন। জিল্লুর রহমানের ছাত্র-ছাত্রীরাও কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন প্রিয় শিক্ষককে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে।
সেখানে জিল্লুর রহমানের মেজো ছেলে শাকিল আক্তার ও ছোট ছেলে ফারহাত আনোয়ার উপস্থিত ছিলেন। শাকিল বললেন, তাঁর বাবা একজন সাংস্কৃতিক কর্মী, শিক্ষাবিদ ও সচেতন নাগরিক ছিলেন। আজীবন সচেতন সমাজ নির্মাণের জন্য কাজ করেছেন।
শহীদ মিনারে ‘দেশবরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি’ অনুষ্ঠানের আয়োজক ছিল সম্মিলিত সাংস্কৃতিক জোট। বেলা সোয়া ১১টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই শ্রদ্ধা নিবেদন পর্ব চলে।
শ্রদ্ধা নিবেদনের পর সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বললেন, জিল্লুর রহমানের চিন্তা-চেতনায় সব সময় দেশ ও দেশের মানুষ স্থান পেয়েছেন।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বললেন, ‘জিল্লুর রহমান তাঁর লেখায় দক্ষ ও সচেতনভাবে শব্দ ব্যবহার করতেন। তাঁর উদার ও গণতান্ত্রিক চিন্তা-চেতনা ছিল অসাধারণ। এর অভাব এখন সমাজে লক্ষ করা যায়। এ কারণে সমাজ উগ্রতার দিকে ধাবিত হচ্ছে। তাঁকে ভুলে যাওয়া হলে সেটা হবে আমাদেরই ব্যর্থতা।’
অধ্যাপক আনিসুজ্জামান বললেন, জিল্লুর রহমান সিদ্দিকী মুক্ত চিন্তার উন্মেষ ঘটিয়েছেন এবং তিনি এর বিকাশ চেয়েছিলেন। তিনি স্বৈরাচার, মৌলবাদ ও অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।
ড. কামাল হোসেনের মতে, বরেণ্য এই শিক্ষাবিদ কেবল একটি প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন না, তিনি জাতির শিক্ষক ছিলেন। তাঁর স্মৃতি বিস্মৃত হওয়ার নয়।
গবেষক আবুল মকসুদ বললেন, এই ব্যক্তি কঠিন কথাও সংযত ও শান্তভাবে বলতেন। এতে তাঁর বক্তব্য সবার কাছে একটি আলাদা ওজন বহন করত।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে মনে হয়েছে, জিল্লুর রহমানের মৃত্যুতে একটি বাতি নিভে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক মনে করেন, জিল্লুর রহমান নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস। কেননা তাঁর সৃষ্টি ও কর্ম তরুণদের সব সময় পথ দেখিয়েছে।
বিভিন্ন রাজনৈতিক দল ও বহু সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান।
জিল্লুর রহমান গত মঙ্গলবার রাতে ৮৬ বছর বয়সে মারা যান। তিনি ১৯২৮ সালের ২৩ ফেব্রুয়ারি ঝিনাইদহে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯০-৯১ সালে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাও ছিলেন তিনি। ২০১০ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন এই বরেণ্য ব্যক্তিত্ব।