'তাঁরা কেন উপস্থিত নেই, তা সবাই জানেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর কমিটি গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে। কিন্তু এতে কারাগারের বাইরে থাকা দলের উল্লেখযোগ্য কোনো নেতাকে দেখা যায়নি। এ ব্যাপারে ইফতার-পূর্ব স্বাগত বক্তৃতায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবদুল হালিম বলেন, ‘এই ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা ছিল জামায়াতের মহানগর আমির রফিকুল ইসলাম খানের। এ ধরনের ইফতারে গণমাধ্যমকর্মীদের সম্ভাষণ জানাতেন মতিউর রহমান নিজামী। তাঁর পরে ছিলেন ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। থাকতেন প্রচার সম্পাদক তাসনিম আলম। কিন্তু আজ তাঁরা কেন উপস্থিত নেই, তা আপনারা সবাই জানেন।’ আবদুল হালিম বলেন, ‘অনেকে বলেন, জামায়াতে ইসলামী কোথায়? ছিন্নভিন্ন হয়ে গেছে। আজকে আমরা বলছি, জামায়াতে ইসলামী ছিল, আছে ও থাকবে।’ ইফতার অনুষ্ঠানে বাংলাদেশ ফোডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) আবদুস শহীদ ও সাধারণ সম্পাদক বাকের হোসাইন, জামায়াতের ঢাকা মহানগর কমিটির সহকারী সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দলের নেতাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত।