
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচনের পরিবেশ কতটা শান্তিপূর্ণ থাকবে, এ নিয়ে শঙ্কায় রয়েছেন বিএনপির মেয়র পদপ্রার্থী। বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, তাঁদের বিভিন্নভাবে হুমকি ও ভয়-ভীতি দেখানো হচ্ছে। তবে বিএনপির প্রার্থীর এমন অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের নেতারা বলছেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ। তাঁরা (বিএনপির নেতা-কর্মী) শুধু শুধু ভয় পাচ্ছেন।
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করলেও এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপির মেয়র পদপ্রার্থী মোহাম্মদ কামরুল ইসলাম হোসাইনী। তাঁর বক্তব্য, মানুষ যদি ঠিকভাবে ভোট দিতে পারেন, তাহলে তাঁদের জয় শতভাগ নিশ্চিত।
অন্যদিকে, আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী সেলিমুল হক চৌধুরী বলেন, সুষ্ঠু নির্বাচনে হলে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।
গত জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখালী থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী। এর আগে ২০০১ ও ২০০৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়েছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী। ২০১৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হন উপজেলা জামায়াতের আমির জহিরুল ইসলাম।
গতকাল শনিবার দুপুরে পৌর সদরে নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী গণসংযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী মোহাম্মদ কামরুল ইসলাম হোসাইনী। দোকানে দোকানে গিয়ে ভোট প্রার্থনা করেন তিনি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, ‘অতীতে যে নির্বাচনগুলো হয়েছে, সেখানে কেন্দ্র দখলের নির্বাচন হয়েছে। ফলে আদৌ জনগণ ভোট দিতে পারবেন কি না, সে সংশয়ে রয়েছেন।’
এলাকার নির্বাচনী পরিবেশের বিষয়ে বিএনপির এই মেয়র প্রার্থী অভিযোগ করেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও তাঁর সমর্থকদের আচার-আচরণের কারণে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে। দলের নেতা-কর্মী ও গণসংযোগে অংশ নেওয়া লোকজনকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। মামলা দিয়ে গ্রেপ্তারের ভয় দেখানো হচ্ছে। এ ব্যাপারে নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের মুঠোফোনে জানানোর চেষ্টা করলেও সাড়া পাওয়া যায়নি। তিনি অভিযোগ করেন, ‘আজ (শনিবার) সকালে উপজেলা পরিষদের সামনে তাঁর (আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী) সঙ্গে দেখা হলে তিনি আমাকে উদ্দেশ করে বলেন, “এহনও সময় আছে, নামি যা।” তবে আমি শুনেও না শোনার ভান করে চলে আসি।’
তবে বিএনপির মেয়র পদপ্রার্থীর নির্বাচন নিয়ে করা সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী সেলিমুল হক চৌধুরী। তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত নির্বাচনে বিশৃঙ্খলা করে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করতে পারে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বরং আমাদের জন্য সুবিধা। তখন বিএনপির প্রার্থী ৩০ শতাংশের বেশি ভোট পাবেন না।’
বিএনপি প্রার্থীকে নির্বাচন থেকে সরে যাওয়ার অভিযোগের বিষয়ে সেলিমুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দুষ্টুমিচ্ছলে তাঁকে বলেছিলাম, আমরা ছয়জন প্রার্থী ছিলাম। বয়সে বড় হওয়ায় সবাই আমাকে সেক্রিফাইস (সরে দাঁড়িয়েছে) করেছেন। আপনিও চাইলে পারেন।’
বাঁশখালী পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপির বাইরে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির মোহাম্মদ ইব্রাহিম আল হোসাইন।
বাঁশখালী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান ফারুকী, বিএনপি সমর্থক ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শামসুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী কিবরিয়া আজম, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাকের হোসেনও সুষ্ঠু নির্বাচন হবে কি না, তা নিয়ে শঙ্কিত। তাঁরা প্রথম আলোকে বলেন, মানুষ যদি শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, তাহলে বিএনপির সমর্থক প্রার্থীদের জয় ঠেকাতে পারবে না।
গতকাল দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী মুহিবউল্লাহ বলেন, ‘নির্বাচন এক শ ভাগ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। পরাজয়ের আশঙ্কায় বিএনপির প্রার্থীরা এসব বলে বেড়াচ্ছেন।’
বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২৩ হাজার ৭৯৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ১৪৭ জন ও নারী ভোটার ১১ হাজার ৬৪৩ জন।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাঁশখালী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনীয় এলাকায় এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কেউ আমাকে কোনো ধরনের অভিযোগ জানাননি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।’
মুঠোফোনে বিএনপির প্রার্থীর অভিযোগে সাড়া না দেওয়ার বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘আমার কাছে এ ধরনের কোনো কল আসেনি। তা ছাড়া অভিযোগ করার একটি প্রক্রিয়া আছে। তাঁরা যেকোনো বিষয়ে আমাকে লিখিতভাবে অভিযোগ দিলে তখন দ্রুত ব্যবস্থা নিতে পারব।’