‘তাইন অইলা শৌখিন শিকারি’
হাকালুকি হাওরের বিভিন্ন জলাশয়ে কিছু লোক বন্দুক দিয়ে অবাধে পাখি শিকার করছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাকালুকি হাওরের উন্নয়নে কর্মরত পরিবেশ অধিদপ্তরের উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্পের (সিডব্লিউবিএমপি) কুলাউড়া কার্যালয়ের সূত্রে জানা গেছে, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় হাকালুকি হাওরের বিভিন্ন জলাশয়ে কয়েক দিন ধরে বন্দুক দিয়ে অবাধে পাখি শিকার করা হচ্ছে। সিডব্লিউবিএমপির ফেঞ্চুগঞ্জের যুধিষ্ঠিরপুর বাদে দেউলি, একতা ও নোয়াগাঁও গ্রাম সংরক্ষণ দলের (ভিলেজ কনজারভেশন গ্রুপ) একাধিক পাহারাদার অভিযোগ করেন, সম্প্রতি হাওরের আশপাশের কয়েকটি জলাশয় থেকে নিজ ঘিলাছড়া গ্রামের ফজলু মিয়া, তাঁর ছেলে নাজমুল ও জামাতা মচ্ছব্বির আলী বন্দুক দিয়ে পাখি শিকার করছেন। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তাঁরা ভয়ে কিছু বলতে পারছেন না। অভিযুক্ত মছব্বির আলী বলেন, ‘তাইন (শ্বশুর ফজলু) অইলা (হচ্ছেন) শৌখিন শিকারি। আগে শিকার করতা (করতেন) ঠিক। মামলা-মোকাদ্দমা হওয়ায় ইটা (এটা) বাদ দিলাইছইন (দিয়েছেন)। আর আমরাও ইটার লগে (পাখি শিকারের সঙ্গে) কেউ জড়িত নায় (নয়)।’ ফজলু মিয়া ও তাঁর ছেলে নাজমুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। ফেঞ্চুগঞ্জের ইউএনও শেখ হামিম হাসান বলেন, ‘এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়েছি। সেটা তদন্ত করে দেখা হচ্ছে।’