‘তাও ভালো, কাজ তো হয়’
‘দুই-তিন বছর ধরে রাস্তাটি খারাপ হয়ে আছে। গত বছর রাস্তার কাজ শুরু হয়ে থেমে যায়। এখন আওয়ামী লীগের নেতারা টাকা তুলে রাস্তার সংস্কারের কাজ করছেন। কে, কীভাবে কাজ করছে, তা আমাদের দেখার বিষয় না, আমরা চাই রাস্তা।’ কথাগুলো মাদারীপুরের কালকিনির ভূরঘাটা-কুলপদ্বী সড়কের নিয়মিত যাত্রী কুদ্দুস হাওলাদারের।কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী বলেন, ‘রাস্তার অবস্থা খুবই খারাপ হওয়ায় জনগণ সৈয়দ আবুল হোসেন ও আমাদের এত বকাবকি শুরু করেছিল যে কালকিনিতে দলের খুবই ক্ষতি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা বসে আলাপ-আলোচনা করলাম, নিজেরাই সংস্কারের কাজ করব। আওয়ামী লীগের নেতা-কর্মীরাই এই খরচ দিচ্ছেন।’তিনি জানান, সংস্কারকাজে সওজ, এলজিইডি, উপজেলা পরিষদ, জেলা প্রশাসন তাঁদের সহায়তা করছে। তাহমিনা সিদ্দিকী আরও জানান, ইতিমধ্যে সড়ক সংস্কারের জন্য আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের কাছ থেকে ২৫ লাখ টাকা তোলা হয়েছে। সংস্কারের স্বার্থে প্রয়োজনে আরও টাকা তোলা হবে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে ভূরঘাটা-কুলপদ্বী সড়কের (১৪ কিলোমিটার দীর্ঘ) বেহাল দশার কারণে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছিল। সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন গত বছরের ১৪ মে সড়কটিকে চার লেনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দুটি ভাগে কাজটি করার জন্য ৩৫ কোটি টাকার দরপত্র আহ্বান করে সওজ। পরে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু ৩৬০ দিনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও নির্ধারিত সময়ে কাজের এক-তৃতীয়াংশও হয়নি। এতে বরাদ্দ করা ১২ কোটি টাকার ছয় কোটি টাকাই ফেরত যায়। গত ৮ জুলাই জনগণ সড়কটি সংস্কারের দাবিতে মানববন্ধন করে। ২৮ জুলাই নিজ এলাকায় আসেন সৈয়দ আবুল হোসেন। তিনি আওয়ামী লীগের স্থানীয় নেতাদের ভূরঘাটা থেকে কালকিনি বাজার পর্যন্ত সবচেয়ে খারাপ সাড়ে তিন কিলোমিটার সড়ক সংস্কারের নির্দেশ দেন। পরে নেতারা ২৫ লাখ টাকা তুলে সংস্কার শুরু করেন। গত রমজানে সংস্কার শুরু হলেও বৈরী আবহাওয়া ও ঈদের কারণে কাজ বন্ধ থাকে। ঈদের পর থেকে কাজ শুরু হয়ে এখনো চলছে। আগামী তিন-চার দিনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা।কালকিনি পৌরসভার কাশেমপুর এলাকার বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, ‘এত দিন হুনছি চাইর লেনের রাস্তা অইবে। এহন দেহি রাস্তার কোনো রহম কাজ হইতেছে। তাও ভালো, কাজ তো হয়।’সড়কের দুই ভাগের এক ভাগের কাজ করেছেন কেন্দ্রীয় যুবলীগের নেতা মীর মামুনুর রশীদ। তিনি বলেন, ‘জমি অধিগ্রহণসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন না হলেও, আমি কাজ শুরু করেছিলাম। বরাদ্দের ছয় কোটি টাকা ফেরত নিয়ে গেছে। কাজের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে না দিলে তো আমার কিছু করার নেই।’মাদারীপুর সওজের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান জানান, ভূরঘাটা-কুলপদ্বী সড়কের জন্য সরকারি বরাদ্দের ছয় কোটি টাকা ফেরত নিয়ে গেছে। এ ছাড়া জমি অধিগ্রহণের জন্যও কোনো বরাদ্দ আসেনি। সওজের কাজ ব্যক্তিগত বা কোনো সংগঠনের উদ্যোগে করা যায় কি না, জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, ‘সওজের রাস্তা কেউ যদি মেরামত করে দেয়, তা হলে তো অসুবিধার কিছু দেখছি না। বাংলাদেশের অনেক জায়গায়ই তো আছে, অনুদান দিয়ে রাস্তা করছে।’সরেজমিনে দেখা গেছে, কালকিনি উপজেলার ভূরঘাটা থেকে কিছু অংশ আগের মতোই আছে। ভূরঘাটার লালপোল সেতু থেকে কালকিনি ব্র্যাক কার্যালয়ের সামনের কালভার্ট পর্যন্ত উঁচু-নিচু, এবড়োখেবড়ো সড়ক সমান করে ওপরে পিচ ঢালাই দেওয়া হয়েছে। এ ছাড়া কালকিনি হাসপাতাল থেকে পৌরসভা পর্যন্ত অংশের কাজ করা হয়েছে।সওজ গোপালগঞ্জ অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কাসেম ভূঞা বলেন, ‘কেউ যদি আমার রাস্তা সংস্কার করে দেয়, তা হলে অসুবিধার কী আছে! সড়কের অবস্থা খারাপ থাকলে জনগণ ব্যক্তিগত উদ্যোগে যান চলাচলের উপযোগী করতে পারে। এ ক্ষেত্রে সওজের আইন বা নির্দেশনায় কোনো বাধা নেই।’ সংস্কারের পর বেশ ভালোভাবে এখানকার সড়কে চলাচল করতে পারছে এলাকাবাসী।