'তাকাতে গেলেই তো কষ্ট হয়'

এই সেদিনও অবৈধভাবে সড়ক দখলকারী হকার উচ্ছেদ অভিযানে অংশ নিয়েছেন। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের ধাওয়া করলেন। ভারতীয় শাড়ি ও থ্রিপিসসহ পাচারকারীকে ধরলেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও দণ্ডাদেশ দিলেন। আর এখন তিনি রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভিআইপি কেবিনের চার দেয়ালে বন্দী। কারও পিছু ধাওয়া করা তো দূরের কথা; কথা বলতে, এমনকি তাকাতেও তাঁর কষ্ট হয়। তিনি ফেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদির মিয়া (৩০)।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধের চতুর্থ দিনে ৯ জানুয়ারি দুর্বৃত্তের ছোড়া ককটেল বিস্ফোরণে আব্দুল কাদির আহত হন। তাঁর দুই চোখ, মুখ ও শরীরের বিভিন্ন জায়গায় স্প্লিন্টারের আঘাত লাগে। ঘটনার দিন রাত সাড়ে আটটার দিকে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জহিরিয়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে। তিনি অবরোধে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছিলেন। মাইক্রোবাসে করে শহরের ট্রাংক রোড থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহীপাল যাচ্ছিলেন।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে দেখা যায়, আব্দুল কাদির তেমন একটা কথা বলছেন না। যেটুকু বলছেন তা–ও একদম আস্তে। তাঁর মুখের কাছে না গেলে সেই কথা শোনার উপায় নেই। শুধু একবার ক্ষীণ কণ্ঠে বললেন, ‘তাকাতে গেলেই তো কষ্ট হয়।’ দুদিন ধরে ডায়রিয়ার কারণে আব্দুল কাদির বেশ দুর্বল হয়ে পড়েছেন। তেমন কিছু খেতেও পারছেন না।
হাসপাতালে আব্দুল কাদিরের দেখাশোনা করছিলেন সোহেল রানা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে কাদিরের রুম মেট ছিলেন। সোহেল রানার মাধ্যমেই কিছুক্ষণ কথা হয় তাঁর সঙ্গে। কাদিরের দুই চোখ বন্ধ ছিল। ইশারায় বোঝালেন, তাঁর বাম চোখে বেশি সমস্যা হচ্ছে। কানেও ব্যথা হচ্ছে। এ ছাড়া সারা মুখে ও শরীরের বিভিন্ন জায়গায় দাগ দেখালেন। হাতড়ে হাতড়ে কালো চশমাটা চোখে দিলেন। অনভ্যস্ত হাতে তাঁকে এ কাজটুকু করতে বেশ বেগ পেতে হলো। কাদিরের আরেক সহকর্মী নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন আহমদও হাসপাতালে সার্বক্ষণিকভাবে তাঁর দেখভাল করছেন। ঘটনার দিন তিনিও সেই গাড়িতে ছিলেন।
শিহাব উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘গাড়িতে চালক ও তিনজন ম্যাজিস্ট্রেট ছিলাম। ফেনী ছোট শহর। আমাদের গাড়ির সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট লেখা ছিল। আর গাড়িটি সবার পরিচিত। আমি একজনকে কিছু ঢিল ছুড়তে দেখে গাড়িতে শুয়ে পড়ি। ফলে আমার তেমন কিছু হয়নি। অন্যদেরও তেমন কিছু হয়নি। গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন কাদির। গাড়ির কাচ ভেঙে যায়। কাদিরের চোখে বারুদের সালফারের কিছু গুঁড়া রয়ে গেছে। ফলে সে আবার শতভাগ দেখতে পারবে কি না, তা নিয়ে আমরা চিন্তিত।’
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক জালাল আহমেদ বলেন, ‘সার্বিকভাবে আব্দুল কাদির আগের চেয়ে ভালো আছেন। বাম চোখে কিছু সমস্যা থাকলেও ডান চোখ স্বাভাবিক আছে। আপাতত তাঁকে বিদেশে নেওয়ার প্রয়োজন নেই বলেই মনে হচ্ছে। আশা করা হচ্ছে, তিনি দুই চোখেই আবার আগের মতো দেখতে পাবেন। হাসপাতালে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ীই চিকিৎসা চলছে।’
৩০তম বিসিএস ব্যাচের আব্দুল কাদির অবিবাহিত। ২০১২ সালে তিনি ফেনীতে কাজে যোগ দেন। তাঁরা পাঁচ ভাই, তিন বোন। তবে ঢাকায় তেমন কোনো আত্মীয়স্বজন নেই। তাঁর বাড়ি শরীয়তপুরে। বাবা-মা সেখানেই থাকেন।
টেলিফোনে ফেনীর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসন থেকে আব্দুল কাদিরের জন্য যা যা করা প্রয়োজন, তার সবই করা হবে এবং করা হচ্ছে। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশ নিতে বললে সে দায়িত্বও পালন করবে প্রশাসন।
যোগাযোগ করা হলে ফেনীর পুলিশ সুপার রেজাউল হক বলেন, ঘটনার পর মামলা হয়েছে। এজাহারভুক্ত পাঁচ আসামি এবং এর বাইরে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলছে।
ঘটনার পরদিন ১০ জানুয়ারি আব্দুল কাদিরের ঘটনায় তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা এবং তাঁর সুচিকিৎসার সব দায়িত্ব সরকার নেবে বলেও জানান প্রধানমন্ত্রী। পুলিশ, র্যাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা আব্দুল কাদিরকে দেখতে হাসপাতালে গেছেন।