'তাজউদ্দীন আহমদ ছিলেন অসাধারণ সংগঠক'

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বলছেন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ প্রমাণ করেছেন তিনি অসাধারণ সংগঠক ছিলেন। এমন অসাধারণ সংগঠক এ অঞ্চলে আর জন্ম হয়নি। তিনি ছিলেন নিরহংকার ও মেধাবী রাজনীতিবিদ। দেশের মানুষকে কাছে থেকে এগিয়ে নিয়ে গেছেন। বাঙালির পরম সৌভাগ্য যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দীন আহমদের মতো এমন নির্ভরযোগ্য জুটির নেতৃত্ব পেয়েছিল।
আজ সোমবার বিকেল আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে তাজউদ্দীন আহমদের ৯৩তম জন্মবার্ষিকীতে সারওয়ার আলী এসব কথা বলেন। এতে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।
আলোচনা শুরুর আগে জাদুঘরের ভাস্কর্য চত্বরে ‘তাজউদ্দীন আহমদের জীবন ও কর্ম’ নামে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এই প্রদর্শনীতে তাজউদ্দীন আহমদের রাজনৈতিক ও পারিবারিক জীবনের বেশ কিছু ছবি স্থান পেয়েছে। পাশাপাশি তাজউদ্দীন আহমদের ডায়েরি এতে দেখা যাবে। এই প্রদর্শনী চলবে ৩০ জুলাই পর্যন্ত।
আলোচনা শুরুর আগে জাদুঘর মিলনায়তনে মুক্তিযুদ্ধের নানা স্মারক জাদুঘরের কাছে তুলে দেন মুক্তিযোদ্ধা দম্পতি চিকিৎসক আখতার বানু ও সেখ বনি আমীন।

আলোচনা সভায় সারওয়ার আলী আরও বলেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতে এক কোটি শরণার্থীর দায়িত্ব নিয়েছিলেন তাজউদ্দীন আহমদ। এ সময় তিনি প্রশাসনকে সংগঠিত করেছেন, সশস্ত্র মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন। মুক্তিযুদ্ধের পর মুক্তিযুদ্ধের স্বপ্নের দেশ গড়ার জন্য সে অসাধারণ মেধার পরিচয় দিয়েছেন তা বিস্ময়কর।
সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, তাজউদ্দীন আহমদ তাঁর কাজ দিয়ে, অন্তর্দৃষ্টি দিয়ে বাংলাদেশকে একটা উচ্চতায় নিয়ে গেছেন। তিনি মাত্র ৫০ বছর বেঁচে ছিলেন। এই অল্প জীবনে তিনি যা অর্জন করেছেন, তা বিস্ময়কর।
সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘তাঁর (তাজউদ্দীন) সঙ্গে আমার একবার দেখা হয়েছে ও একবার কথা হয়েছে। তাঁকে আমি অনুসরণ করতাম। একজন রাজনৈতিক ব্যক্তির কথা বললে যে ছবি ফুটে ওঠে, তিনি তা ছিলেন না। তাঁর পরিশীলিত ব্যক্তিত্ব ছিল, মার্জিত আচরণ ছিল। তাঁর চিন্তাভাবনা ও সক্ষমতা আমাদের আকৃষ্ট করত।’

ব্যক্তিগত স্মৃতিচারণা করতে গিয়ে মনজুরুল ইসলাম বলেন, আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে ছাড়া পাওয়ার পর তাঁর বাড়ির সামনে অগণিত লোকের সামনে তাঁকে দেখেছিলাম। তিনি শুধু মানুষদের বলছিলেন, আমাদের ওপর আস্থা রাখুন।
সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ১৯৭৪ সালে তাজউদ্দীন আহমদ যখন বঙ্গবন্ধুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন, সে সময় একটি লেখার বিষয়ে তাঁর কাছে সময় চেয়েছিলাম। তিনি আধা ঘণ্টা সময় দিয়েছিলেন। বঙ্গবন্ধু সম্পর্কে তাঁর প্রগাঢ় শ্রদ্ধা ও বিশ্বাস ছিল। ছয় দফা থেকে শুরু করে সত্তরের নির্বাচন, এরপর মুক্তিযুদ্ধ—প্রতিটি ক্ষেত্রেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশাপাশি তাঁর বলিষ্ঠ ভূমিকা ছিল। তাজউদ্দীন আহমদ পুরো একটি যুদ্ধকে সংগঠিত করেছিলেন। প্রজ্ঞা ও দেশপ্রেম দিয়ে সবাইকে অনুপ্রাণিত করেছিলেন।
তাজউদ্দীন আহমদের ডায়েরি তরুণদের পড়ার তাগিদ দেন সৈয়দ মনজুরুল ইসলাম।
আজকের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামেন্দু মজুমদার, তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন প্রমুখ।