'তাজউদ্দীন আহমদ ছিলেন বিশ্বনাগরিক'
তাজউদ্দীন আহমদ ছিলেন বিশ্বনাগরিক। বাংলাদেশকে তিনি বিশ্বের সঙ্গে তুলনা করতেন যেন দেশের জন্য ভালো কিছু করা যায়। তাঁর চিন্তা ও চেতনাজুড়ে ছিল শুধু দেশের কল্যাণ। গতকাল শনিবার তাজউদ্দীন আহমদ শান্তি স্বর্ণপদক, বৃত্তি ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী-২০১৩ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক কৃতী শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক, বৃত্তি ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে ব্যারিস্টার আমিরুল ইসলাম বলেন, তাজউদ্দীন আহমদ আওয়ামী মুসলিম লীগে যোগ দেননি। মুসলিম শব্দটি যখন সংগঠনের নাম থেকে বাদ দেওয়া হয়, তখনই যোগ দিয়েছিলেন। এ থেকে অসাম্প্রদায়িক মানস চেতনার খোঁজ মেলে। আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধুর অবর্তমানে ১৯৭১ সালে তাজউদ্দীন অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সঙ্গে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। তিনি ছিলেন একজন সংবেদনশীল ও পরিপূর্ণ মানুষ। তাজউদ্দীন আহমদের কন্যা সাংসদ সিমিন হোসেন রিমি বলেন, তাজউদ্দীন আহমদ এমন গণতন্ত্র, এমন সমাজতন্ত্র চেয়েছিলেন, যা দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে। অনুষ্ঠানে ২০১১ সালে স্নাতক সম্মান পরীক্ষায় সর্বোচ্চ ফল করায় শান্তি ও সংঘর্ষ বিভাগের শিক্ষার্থী সাবরিনা আহমেদকে স্বর্ণপদক এবং সদাচরণ, ক্লাসে নিয়মিত উপস্থিতি ও লেখাপড়ায় সন্তোষজনক অগ্রগতির জন্য একই বিভাগের স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী আদিবা সুলতানা মীমকে ‘তাজউদ্দীন আহমদ’ বৃত্তি দেওয়া হয়। এ ছাড়া রচনা প্রতিযোগিতায় শান্তি ও সংঘর্ষ বিভাগের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী মো. আবদুল হান্নান প্রথম, হাবিবুর রহমান দ্বিতীয়, মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী আজহারুল ইসলাম তৃতীয়, সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৈয়দা আবিদা ফারহিনা চতুর্থ এবং ফলিত পরিসংখ্যান বিভাগের শাহ আমিন আহসান পঞ্চম স্থান অর্জন করেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামাল উদ্দীন, ট্রাস্ট ফান্ডের দাতা ও প্রতিষ্ঠাতা শারমিন আহমেদ, আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডালেম চন্দ্র বর্মণ প্রমুখ।