'তাজউদ্দীন আহমদের সঠিক মূল্যায়ন হয়নি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্মবার্ষিকী উপলক্ষে রোববার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্মৃতিচারণা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি: আবদুস সালাম
স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্মবার্ষিকী উপলক্ষে রোববার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্মৃতিচারণা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি: আবদুস সালাম

তাজউদ্দীন আহমদ বাংলাদেশের জন্য যে অবদান রেখেছেন, তাতে তাঁর সঠিক মূল্যায়ন হয়নি। বাংলাদেশের ইতিহাসে তিনি বিয়োগান্তের নায়ক। আজ রোববার বিকেলে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে এক স্মৃতিচারণা ও আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনির্বাণ ৭১ নামের একটি সংগঠন জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ওই আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, তাজউদ্দীনকে প্রথম দেখি অসহযোগ আন্দোলনের সময়। কেন্দ্রীয় সরকার কীভাবে পরিচালনা করতে হয়, তা তাঁর খুব কাছ থেকে দেখেছি ও শিখেছি। তিনি ছিলেন সুস্পষ্ট চিন্তাধারার চরম আশাবাদী মানুষ। তিনি যেভাবে কাজ করতেন, তাতে বাকিরা উদ্বুদ্ধ হতেন।
বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, তাজউদ্দীন আহমদ বাংলাদেশের ইতিহাসে বিয়োগান্তের নায়ক। এই মানুষটি বাংলাদেশ ও বাঙালির জন্য অনেক অবদান রেখেছেন। স্বাধীনতা যদি মস্তিষ্ক হয়, তাহলে তিনি তার আত্মা। তিনি মুক্তিযুদ্ধের সফল সমাপ্তির রূপকার।
অনুষ্ঠানে তাজউদ্দীনের বন্ধু এম এ করিম বলেন, তিনি যে কাজ করে গেছেন, সে অনুযায়ী তাঁকে মূল্যায়ন করা হয়নি। তাঁকে যেভাবে মৃত্যুবরণ করতে হয়েছে, তা অত্যন্ত কষ্টের।

তাজউদ্দীনের মেয়ে সিমিন হোসেন রিমি বলেন, তাজউদ্দীন ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন মানুষ। দেশপ্রেমের অর্থ হলো সঠিকভাবে নিজের কাজটি করা। তরুণদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে, তাহলেই তাজউদ্দীনকে স্মরণ করা হবে।
অনুষ্ঠানের সভাপতি ব্যারিস্টার আমীর-উল ইসলাম তাজউদ্দীনের স্মৃতিচারণা করে বিভিন্ন ঘটনা তুলে ধরেন। স্বাগত বক্তব্য দেন অনির্বাণ ৭১-এর আহ্বায়ক ইফতেখার পাভেল।