'তাজউদ্দীনের জীবনাদর্শ অনুকরণীয়'
চারদিকে তাজউদ্দীন আহমদের বর্ণাঢ্য কর্মময় জীবনের ছবি। যেখানে আছে তাঁর শৈশব জীবন থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ সময়ের তাৎপর্যপূর্ণ অবদানের সাক্ষ্যবহ দুর্লভ আলোকচিত্র। বিরল মুহূর্তের আলোকচিত্রগুলো মনে করিয়ে দেয় সেই সব অগ্নিঝরা দিনগুলোর কথা।
আলোকচিত্র প্রদর্শন, গান ও স্মৃতি রোমন্থনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার সকালে তাজউদ্দীন আহমদের ৮৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে। অনুষ্ঠানের শুরুতেই তাজউদ্দীনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্রনাথের ‘নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে’ গানটি পরিবেশন করেন শিল্পী সুকান্ত চক্রবর্তী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি কবি রবিউল হুসাইন। প্রধান অতিথির বক্তব্যে তাজউদ্দীনের পরম সুহূদ বিশিষ্ট আইনজীবী আমীর-উল ইসলাম বলেন, তাজউদ্দীন আহমদ অগ্র-পশ্চাৎ বিবেচনা করে কাজ করতেন। শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন জনগণের নিকটতম বন্ধু এবং দেশের কল্যাণকামী এক সাহসী মানুষ। তিনি বলেন, তাঁর দূরদর্শী চিন্তা-চেতনা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমানে যে সংকট আছে এবং ভবিষ্যতে যেসব সংকট আসছে তা মোকাবিলায় তাজউদ্দীনের জীবনাদর্শ অনুকরণীয় বলে মনে করেন তিনি। তাজউদ্দীন আহমদের কন্যা সাংসদ সিমিন হোসেন রিমি বাবার লেখা ডায়েরি থেকে তাঁর বর্ণিল জীবনের আলোচিত অধ্যায় পাঠ করে শোনান। যেখানে উঠে এসেছে কাপাসিয়ার একজন সাধারণ মানুষ কীভাবে ইতিহাসের গর্বিত অধ্যায়ে স্থান করে নিয়েছেন তার উল্লেখযোগ্য দিক। এ ছাড়া, তরুণ প্রজন্মের পক্ষে বক্তব্য দেন তাজউদ্দীন আহমদ পাঠচক্রের সদস্য এবং তাজউদ্দীন আহমদ চর্চায় নিবেদিত দুই তরুণ মো. রুকুনুল হাসান ও মো. মাহফুজ বিন ওহাব। তাঁরা তাজউদ্দীনের ডায়েরি থেকে উল্লেখ্য দিক তুলে ধরেন এবং বিশ্লেষণ করেন।