‘তামাকের গুঁড়ার গন্ধের স্থায়ী সমাধান চাই’
‘পৌর এলাকার ভেতরে যত বিড়ি কারখানা। তামাকের গুঁড়ার ঝাঁঝালো গন্ধ আর ধুলোবালিতে সারা বছর নিঃশ্বাস নিতে কষ্ট হয়। চোখ জ্বালাপোড়া করে। বছরের পর বছর ধরে এই সমস্যা দূর করতে পৌর কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। এই সমস্যার একটা স্থায়ী সমাধান চাই।’ কথাগুলো বলছিলেন হারাগাছ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ইফফাত আরা। রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা ২০ বছর আগে প্রতিষ্ঠিত হয়। এলাকাবাসীর অভিযোগ, প্রতিষ্ঠার পর থেকে পৌর এলাকার কোনো উন্নয়ন হয়নি। সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার প্রধান পাড়া ও মহল্লার কয়েকটি সড়ক ভালো হলেও অধিকাংশ সড়কের অবস্থা নাজুক। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বিপর্যস্ত। নর্দমা না থাকায় ময়লা-আবর্জনা যেখানে-সেখানে ফেলা হয়। বিড়ির কারখানাগুলো পৌর এলাকায় হওয়ায় পরিবেশ বিপন্ন হয়ে উঠেছে। সেই সঙ্গে নির্দিষ্ট কোনো বাজার নেই। রাস্তার দুই ধারে বাজার গড়ে ওঠায় জনগণকে চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। সারাই আমবাগানের কৃষক মাহাতাব আলী বলেন, ‘একটা ভোটের পর আবার ভোট আসিল। তা-ও আমবাগান মোড় থাকি জয় বাংলা মোড় পর্যন্ত যাওয়ার রাস্তাটা ভালো হইল না।’ ঠাকুরদাস এলাকার ব্যবসায়ী মোকাদ্দেস আলী বলেন, ‘ময়লা-আবর্জনা যেটে-সেটে পড়ি থাকে। দুর্গন্ধ ছড়ায়। পৌরসভা দেখে না। এবার হামরা এই সমস্যার সমাধান চাই।’ ডেলকোটারি এলাকার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, ‘গত ২০ বছরে পৌরসভায় ময়লা রাখার একটি ডাস্টবিনও দেখিনি। এবার ভোটের আগে প্রার্থীদের কাছে এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি চাই।’ আসন্ন পৌর নির্বাচনে ছয়জন মেয়র ও ৪৬ জন কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্ভাব্য মেয়র পদপ্রার্থী এরশাদুল হক বলেন, ‘দীর্ঘ দিনের অনেক সমস্যা রয়েছে এই পৌর এলাকায়। আমি নির্বাচিত হলে পর্যায়ক্রমে সমস্যাগুলো দূর করার চেষ্টা করব।’ মেয়র পদপ্রার্থী জামিল আক্তার বলেন, ‘পৌরবাসীর সমস্যাগুলো দূর করার আশ্বাস দিয়ে আমি সবার কাছে ভোট প্রার্থনা করছি।’ অপর প্রার্থী সামিউল আলম বলেন, ‘সব সমস্যা একসঙ্গে দূর করা সম্ভব না হলেও আমি ভোটারদের সঙ্গে নিয়ে উন্নয়মূলক কাজ করব।’ হারাগাছের বর্তমান পৌর মেয়র মামুনুর রশিদ এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তিনি প্রথম আলোকে বলেন, দীর্ঘ কয়েক বছরে এই পৌরসভার উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে তেমন কোনো অর্থ বরাদ্দ ছিল না। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও উন্নয়নমূলক কাজ করা সম্ভব হয়নি।