‘পুলিশ, ইউএনও, চেয়ারম্যান, মেম্বর তামান মানুষ যাঁহে (যে) মোক এসিড মারিছে তাইর পাখে (পক্ষে)। সেইতনে (সেজন্য) মামলা আপস করি নিছি। ওমহার (তার) সাখে লাগি মুই কি পারিম? মোর না ছাওয়াল আছে?’কথাগুলো এসিড-সন্ত্রাসের শিকার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রশিদা বেগমের। গতকাল বৃহস্পতিবার দিনাজপুরে এসিডদগ্ধ নারীদের সমাবেশে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে তিনি এসব কথা বলেন।২০০০ সালে সন্ত্রাসীরা এসিডে ঝলসে দেয় রশিদার মুখমণ্ডল। পরে তিনি মামলা করেছিলেন সন্ত্রাসীদের বিরুদ্ধে। কিন্তু দরিদ্র রশিদা প্রশাসনসহ সমাজের সহযোগিতা না পেয়ে ২০০২ সালে মামলা প্রত্যাহার করে নেন। বেসরকারি উন্নয়ন সংস্থা রংপুর দিনাজপুর রুরাল সার্ভিস (আরডিআরএস) ও জেলা এসিড নিয়ন্ত্রণ কমিটি যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে। এতে আর্থিক সহায়তা দেয় এসিড সারভাইভারস ফাউন্ডেশন ও অস্ট্রেলিয়ান এইড (অসএইড)। সমাবেশে এসিডে আক্রান্ত নারীরা তাঁদের দুঃসহ জীবনের বর্ণনা তুলে ধরেন।সমাবেশে দিনাজপুর জেলার এসিড-সন্ত্রাসের ঘটনা, দায়েরকৃত মামলাগুলোর বর্তমান অবস্থা, এসিডে আক্রান্ত নারীদের চিকিৎসা ও পুনর্বাসনসহ সার্বিক চিত্র তুলে ধরেন আরডিআরএস দিনাজপুরের সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা রাজিয়া বেগম।রাজিয়া বেগম জানান, ১৯৯৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত নয় বছরে জেলায় এসিড-সন্ত্রাসের ঘটনা ঘটে মোট ৮৬টি। এসব ঘটনায় ৮৬টির মধ্যে ৮৩টি মামলাই নিষ্পত্তি হয়ে গেছে। কিন্তু একজনেরও সাজা হয়নি। তিনটি মামলা এখনো বিচারাধীন।পার্বতীপুর উপজেলার শাহনাজ পারভীন বলেন, ‘আদালতত আসিতে, উকিল আর মুহরিক টাকা দিবা যাই হামরা এখন ফকির। বিচার পাই নাই, হামরা আর বিচার চাহি না।’ফুলবাড়ী উপজেলার এসিডদগ্ধ নারী উলফাতুন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আচ্ছা স্যার বলেন ধিনি, এসিড মারার যত ঘটনা খালি গরিব মাইনসের বহু-বেটিঘরে মুখত। আইজ পর্যুন্ত কুনো বড়লোকের বেটির মুখত কেনে এসিড পড়েনি?’আরডিআরএস দিনাজপুরের কর্মসূচি সমন্বয়কারী অপূর্ব সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুরের জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ। পুলিশ সুপার (এসপি) সিদ্দিকী তাঞ্জিলুর রহমান, দিনাজপুর পৌরসভার মেয়র সফিকুল হক এবং দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।জেলা প্রশাসক জামাল উদ্দিন এসিডদগ্ধ নারীদের স্বাবলম্বী হওয়ার পরামর্শ দিয়ে জানান, তাঁদের সহায়তা করতে জেলা এসিড নিয়ন্ত্রণ কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।পরে এসিড আক্রান্ত নারীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে সংগীত পরিবেশন করেন শিল্পী হাফিজা শারমিন। নৃত্য পরিবেশন করে দিনাজপুর উদীচীর শিশুশিল্পীরা। এ ছাড়া একটি নাটিকাও মঞ্চস্থ হয়।