‘আমার তো সবই গেল। চোখ দুটি অন্ধ হলো। অন্যের সাহায্য ছাড়া খেতে পারি না, চলতে পারি না। পৃথিবীর সুন্দর রূপ দেখতে পাই না। তার পরও আমি বাঁচতে চাই। সেই বাঁচা কেবল আমার মেয়ের জন্য।’কুমিল্লায় গতকাল শনিবার এসিডদগ্ধ ব্যক্তিদের সমাবেশে কথাগুলো বলেন জেলার হোমনা উপজেলার দরিবাসানিয়া গ্রামের এসিডদগ্ধ আসমা আক্তার। দুঃসহ স্মৃতিচারণার একপর্যায়ে কেঁদেই ফেলেন তিনি। চোখ ভিজে যায় অনুষ্ঠানে আসা জেলার ৫৫ এসিডদগ্ধ নারী, পুরুষ ও শিশুর। ‘প্রতিরোধের এখনই সময়’ স্লোগান নিয়ে এসিডদগ্ধদের সমাবেশসহ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা এইড কুমিল্লা ও এসিড সারভাইভারস ফাউন্ডেশন (এএসএফ)।সকাল ১০টায় কুমিল্লা শিল্পকলা একাডেমীর চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি শহরের কান্দিরপাড়ের বীরচন্দ্রনগর মিলনায়তনে এসে শেষ হয়।পরে মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) মো. রেজাউল আহসানের সভাপতিত্বে হয় আলোচনা সভা। প্রধান অতিথির বক্তব্যে বাহাউদ্দিন বলেন, ‘এসিডদগ্ধ ব্যক্তিদের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়কে আরও সাহায্য দেওয়ার জন্য বলব। একই সঙ্গে আমার নির্বাচনী এলাকার একমাত্র এসিডদগ্ধ ব্যক্তিকে পুনর্বাসন করার ব্যবস্থা করব।’এএসএফের নির্বাহী পরিচালক মনিরা রহমান বলেন, ‘সারা দেশে পাঁচ হাজার এসিডদগ্ধ ব্যক্তি আছেন। তাঁদের পুনর্বাসন করা সরকারের জন্য কোনো ব্যাপারই না। আমরা এসিড সহিংসতাকে শূন্যের কোটায় নিয়ে আনতে চাই।’এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম জানান, কুমিল্লা জেলায় এ পর্যন্ত ৯২ জন এসিড সন্ত্রাসের শিকার হয়েছে। এর মধ্যে ৪৩ জন নারী, ২৭ জন পুরুষ ও ২২টি শিশু।অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য দেন কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ, জেলা তথ্য কর্মকর্তা মীর হোসেন আহসানুল কবীর, এসিড সন্ত্রাস নির্মূল কমিটির কুমিল্লা শাখার উপদেষ্টা শাহ মো. আলমগীর খানু। এসিডদগ্ধ ব্যক্তিদের কথা: হোমনার আসমা আক্তার বলেন, ‘যৌতুকের দাবিতে ২০০৪ সালের ৪ জুন রাতে আমার মুখে এসিড ঢেলে দেয় আমার স্বামী। এতে আমার মুখমণ্ডল ঝলসে যায়। ছয় বছরের মেয়েটিও এসিডে পুড়ে যায়। মামলায় আসামির ফাঁসির দণ্ড হলেও সে প্রকাশ্যে ঘোরাঘুরি করছে। অথচ পুলিশ তাকে গত ছয় বছরেও গ্রেপ্তার করতে পারেনি। উল্টো আমার মেয়েকে হুমকি দিচ্ছে আসামি। আমি আমার মেয়ের নিরাপত্তা চাই।’নাঙ্গলকোটের শারমিন আক্তার বলেন, ‘জায়গা নিয়ে বিরোধের জের ধরে আমাকে এসিড মারে প্রতিবেশীরা। তখন আমি পঞ্চম শ্রেণীতে পড়তাম। তখন আমাকে সাহায্য করতে এগিয়ে আসে প্রথম আলো। প্রথম আলোর শিক্ষাবৃত্তি নিয়ে পড়াশোনা করে আগামী বছর আমি এসএসসি পরীক্ষা দেব।’