'তার প্রতি আমাদের শুভকামনা'
ফাইমা আক্তার বাক্প্রতিবন্ধী। তবে ঠিকই শুনতে পায়। দারুণ ফুটবলও খেলে। মূলত খেলার দক্ষতা দেখেই তাকে বিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল। সহপাঠী, শিক্ষক—সবার সহযোগিতায় শুনে শুনেই চালাচ্ছিল পড়াশোনা। এভাবেই প্রথম থেকে পঞ্চম শ্রেণি। এবার সে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে।
জীবনের প্রথম জাতীয় পর্যায়ের এ পরীক্ষার ধাপ বাক্প্রতিবন্ধী মেয়েটি উতরাতে পারবে কি না, তা নিয়ে সংশয় ছিল শিক্ষক ও সহপাঠীদের। অবশেষে গতকাল রোববার থেকে শুরু হওয়া প্রাথমিক সমাপনী পরীক্ষায় দলইরগাঁও কেন্দ্র থেকে অংশ নেয় সে। পরীক্ষাও ভালো হয়েছে। খুশি ফাইমার পরিবার, শিক্ষক, সহপাঠীরা।
ফাইমার বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জের দুর্গম হাওর এলাকা ডাকাতির বাড়ি গ্রামে। পরিবারে মা নেই, বাবা দিনমজুর। এক ভাই ও পাঁচ বোনের মধ্যে সে চতুর্থ। বিদ্যালয়ের ফুটবল দলের সেরা খেলোয়াড় সে। বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে তার বিদ্যালয় এ পর্যন্ত টানা তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। ফাইমা সর্বোচ্চ গোলদাতা। তিনটি টুর্নামেন্টে ১৬টি গোল দিয়েছে সে।
প্রধান শিক্ষক জামাল আহমদ জানান, পরীক্ষার প্রস্তুতি ক্লাস করতে গত শনিবার অন্য পরীক্ষার্থীদের সঙ্গে ফাইমাও বিদ্যালয়ে এসেছিল। শিক্ষকেরাও ফাইমার প্রতি বিশেষ নজর রাখেন। প্রয়োজনে ইশারায় বোঝানো হয়। ক্লাসে সবচেয়ে সুন্দর হাতের লেখা ফাইমার। তিনি আরও বলেন, ‘মেয়েটা খেলতে পারে। খেলে আমাদের মুখ উজ্জ্বল করেছে। এবার জাতীয় পর্যায়ের একটা পরীক্ষায় বসল। ওর ফলাফল দেখার অপেক্ষায় আছি।’
জেলা উন্নয়ন ফোরামের সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান বলেন, ‘মেয়েটি বাক্প্রতিবন্ধী। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। দুই দিক থেকেই প্রচণ্ড প্রতিবন্ধকতা ঠেলে আগাচ্ছে। তার প্রতি আমাদের শুভকামনা।’